অস্ট্রেলিয়া সিরিজের আগে চোটে পড়ে ছিটকে গেছেন বাংলাদেশের অন্যতম গতিতারকা নাহিদ রানা। এই ইনজুরির জন্য অনেকেই তার অতিরিক্ত ম্যাচ খেলা বা ওয়ার্কলোডকে দায়ী করলেও সেই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।
Advertisement
শনিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, নাহিদের ওয়ার্কলোড ঠিকঠাক পর্যবেক্ষণ করা হয়েছে এবং কোথাও অতিরিক্ত চাপের প্রমাণ পাওয়া যায়নি।
শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাফিস বলেন, ২০ দিনের মধ্যে ২৪-২৫ ওভার বোলিং করা কোনোভাবেই অতিরিক্ত বোলিং নয়। আমরা খেলোয়াড়দের ওয়ার্কলোড হাতে ধরে হিসাব করি না। ক্যাটাপাল্ট জিপিএস প্রযুক্তির মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ের লোড পর্যবেক্ষণ করা হয়। নাহিদের ওয়ার্কলোড ছিল একেবারেই স্বাভাবিক।
তিনি আরও বলেন, অতিরিক্ত ওয়ার্কলোড যেমন ইনজুরির কারণ হতে পারে, তেমনি কম খেললেও চোট লাগতে পারে। তাই শুধু জিম্বাবুয়ে সিরিজে খেলানোর কারণেই এই ইনজুরি হয়েছে-এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।
Advertisement
নাফিস বলেন, অনেকে বলছেন, জিম্বাবুয়ের বিপক্ষে না খেলালে হয়তো ইনজুরি হতো না। কিন্তু একই ইনজুরি অস্ট্রেলিয়ায় নেট সেশনেও হতে পারতো। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা নিশ্চিত করে বলতে পারি, নাহিদকে দিয়ে অতিরিক্ত বোলিং করানো হয়নি।
এদিকে নাহিদ রানা ও তাসকিন আহমেদের চিকিৎসা মূল্যায়নের জন্য তাদের অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সেখানে স্ক্যান ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে। তবে পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট এখনও বিসিবির হাতে পৌঁছায়নি।
এসকেডি/এমএমআর
Advertisement