জাতীয়

চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কক্ষ রেখেই এমপিদের জন্য পরিদর্শন কক্ষ

উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কক্ষ সংরক্ষিত রেখেই সংসদ সদস্যদের (এমপি) জন্য ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ২৯ জুলাই স্থানীয় সরকার বিভাগ থেকে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দেওয়া হয়েছে।

Advertisement

চিঠিতে বলা হয়েছে, গত ২১ এপ্রিল ও ৬ মে জারি করা আগের নির্দেশনার ধারাবাহিকতায় উপজেলাগুলোর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা পরিষদে একটি পরিদর্শন কক্ষ (ওয়াশরুম/শৌচাগারসহ) স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল।

নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কক্ষসমূহ সংরক্ষিত রেখে ভবনের সুবিধাজনক স্থানে পরিদর্শন কক্ষ স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত ব্যবস্থা স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।

আরও পড়ুন উপজেলা পরিষদে বসার জন্য এমপিরা পাচ্ছেন ‘পরিদর্শন কক্ষ’

এর আগে গত এপ্রিলে স্থানীয় সরকার বিভাগ জানায়, বিভিন্ন সময়ে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপজেলা পরিষদে যান। কিন্তু নির্ধারিত কোনো কক্ষ না থাকায় তাদের উপজেলা চেয়ারম্যান অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষ ব্যবহার করতে হয়। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়।

Advertisement

এ প্রেক্ষাপটে উপজেলা পরিষদে উন্নতমানের আসবাবপত্রসহ একটি পরিদর্শন কক্ষ (ওয়াশরুম/শৌচাগারসহ) স্থাপনের সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার বিভাগ। নতুন উপজেলা পরিষদ কমপ্লেক্স (কমপ্লেক্স/সমন্বিত ভবন) ভবনের নকশায়ও এ ধরনের একটি নির্ধারিত কক্ষ রাখার নির্দেশনা দেওয়া হয়। পরিদর্শন কক্ষ স্থাপনের ব্যয় উপজেলা প্রশাসনের এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি), রাজস্ব খাত অথবা সংশ্লিষ্ট প্রকল্পের অর্থ থেকে নির্বাহ করা যাবে বলেও আগের নির্দেশনায় উল্লেখ করা হয়েছিল।

আরও পড়ুন উপজেলায় বসার কক্ষ পাচ্ছেন এমপিরা, চিঠি দিলো স্থানীয় সরকার বিভাগ

এর আগে জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের সময় সংসদ সদস্যদের বসার জন্য পৃথক কক্ষের ব্যবস্থা করা হবে। সর্বশেষ নির্দেশনায় সেই উদ্যোগ বাস্তবায়নে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কক্ষ সংরক্ষিত রাখার বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে।

আরএমএম/এসএইচএস

Advertisement