চট্টগ্রাম ওয়াসার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক পর্যায়ে পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংস্থাটির রাজস্ব বিভাগ। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না নিয়ে গ্রাহকসহ সংশ্লিষ্ট পক্ষের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা বোর্ড।
Advertisement
শনিবার (১ আগস্ট) ওয়াসার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় পানির দাম বৃদ্ধির প্রস্তাব পর্যালোচনার জন্য উপব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার দে কে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে এবং বোর্ড সদস্য বেগম সৈয়দা জেরিন হোসেন ও রাসেল মিয়া।
আরও পড়ুন চট্টগ্রাম ওয়াসায় বিল বকেয়া ১৬০ কোটি টাকা, সিংহভাগই সরকারিওয়াসা সূত্র জানায়, প্রচলিত আইন অনুযায়ী বোর্ডের অনুমোদনে বছরে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত পানির দাম বাড়ানো যায়। এর বেশি বাড়াতে হলে সরকারের অনুমোদন প্রয়োজন হয়। এ বিধান অনুযায়ী রাজস্ব বিভাগ আবাসিক ও বাণিজ্যিক উভয় শ্রেণির গ্রাহকের জন্য ৫ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
Advertisement
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সেলিম মো. জানে আলম বলেন, প্রস্তাবটি নিয়ে বোর্ড এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গ্রাহকদের মতামত নিয়ে কমিটি সুপারিশ দেবে। এরপর বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ওয়াসা সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে এক দফায় ৩৮ শতাংশ পানির দাম বাড়ায়। বর্তমানে আবাসিক গ্রাহকদের প্রতি এক হাজার লিটার পানির মূল্য ১৮ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য ৩৭ টাকা।
সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট গ্রাহকসংযোগ ১ লাখ ৪ হাজার ৫১১টি, যার প্রায় ৯৩ শতাংশই আবাসিক।
ওয়াসার কর্মকর্তারা জানান, ভূগর্ভস্থ পানির পরিবর্তে নদীর পানি পরিশোধন করে সরবরাহ বাড়ানোয় উৎপাদন ব্যয় বেড়েছে। পাশাপাশি বিদেশি ঋণে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধের চাপও রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই পানির দাম বাড়ানোর প্রস্তাব আনা হয়েছে।
Advertisement
এমআরএএইচ/এসএনআর