ইতালিতে গর্ভবতী স্ত্রীর ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত এক প্রবাসী বাংলাদেশিকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দেশটির কর্তৃপক্ষ।
Advertisement
ইতালির গোরিৎসিয়া প্রদেশের মনফালকোন শহর থেকে ওই প্রবাসীকে গ্রেফতার ও আইনি প্রক্রিয়া শেষে ভেনিস বিমানবন্দর দিয়ে একটি বাণিজ্যিক ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত ব্যক্তির নাম মাসুম মিয়া (৫৫)। তার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার বেলাবো থানার চল্লাবাজ এলাকায়। তিনি গত ১৫ বছর ধরে ইতালির উত্তর-পূর্বাঞ্চলীয় মনফালকোন এলাকার একটি শিপইয়ার্ডে কাজ করছিলেন।
আরও পড়ুন যে কারণে অভিবাসীর ঢল নেমেছে সেউতায়তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, মাসুম মিয়া তার স্ত্রীর ওপর দীর্ঘদিন ধরে চরম পারিবারিক সহিংসতা চালিয়ে আসছিলেন। স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও সন্তানদের সামনেই তাকে নিয়মিত লাথি, চড় ও ঘুষিসহ নানাভাবে মারধর করা হতো। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর গোরিৎসিয়া আদালত তাকে ৩ বছর ৬ মাসের কারাদণ্ড দেন। পরবর্তীতে ত্রিয়েস্তে আপিল আদালতও এই সাজা বহাল রাখেন।
Advertisement
আদালতের চূড়ান্ত রায়ের পর গোরিৎসিয়ার প্রিফেক্ট (প্রশাসনিক প্রধান) ওই ব্যক্তির অবস্থান জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে তাকে অবিলম্বে ইতালির ভূখণ্ড থেকে ডিপোর্ট বা বহিষ্কারের নির্দেশ দেন। নির্দেশের পরপরই ইতালীয় রাষ্ট্রীয় পুলিশ তাকে সরাসরি বিমানবন্দরে নিয়ে গিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
এদিকে ভুক্তভোগী নারী ও তার সন্তানদের সুরক্ষার স্বার্থে ইতালীয় পুলিশ তাদের দায়িত্ব নিয়ে স্থানীয় একটি সামাজিক ‘অ্যান্টি-ভায়োলেন্স সেন্টারে’ (সহিংসতাবিরোধী আশ্রয়কেন্দ্র) পাঠিয়েছে, যেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে।
ইতালির আইন ও বিচার ব্যবস্থার কঠোর প্রয়োগের বিষয়টি উল্লেখ করে স্থানীয় মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, পারিবারিক সহিংসতা এবং নারী ও শিশু নির্যাতনের বিষয়ে দেশটি জিরো-টলারেন্স নীতি অনুসরণ করে।
এমআরএম
Advertisement