ফিচার

হৃদয়ের ক্যানভাসে বন্ধুত্বের গল্প

বন্ধুত্বের সংজ্ঞা সবার কাছে এক নয়। কারো কাছে এটি নিঃস্বার্থ পাশে থাকার প্রতিশ্রুতি, কারো কাছে জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। ব্যস্ততা, প্রতিযোগিতা আর প্রযুক্তিনির্ভর এই সময়ে বন্ধুত্বের রূপ বদলেছে, কিন্তু এর প্রয়োজন ফুরায়নি। বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন তরুণের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাদের কাছে বন্ধুত্বের অর্থ কী। বন্ধুদের প্রতি তাদের অনুভূতির কথা জানাচ্ছেন তানজিদ শুভ্র।

Advertisement

সাইকেলের ক্যারিয়ারে বন্ধুত্ব মুহাম্মদ শাফায়াত হুসাইনশিক্ষার্থী, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া

বন্ধুত্ব আমার কাছে একটি পুরোনো সাইকেলের ক্যারিয়ারের মতো; যাতে বসে ভয়-ভীতি পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। প্রকৃত বন্ধু সেই, যে নিজে কষ্ট করে হলেও অন্যের পাশে দাঁড়ায় এবং হারের মাঝেও জয়ের স্বপ্ন দেখায়। বন্ধুত্ব মানে নিঃশব্দ বোঝাপড়া, যে মুখের কথা ছাড়াই মনের ভাষা বুঝে নেয়, বিপথে গেলে সঠিক পথের দিশা দেয়। প্রকৃত বন্ধুর হৃদয়ে সবসময় থাকে অকৃত্রিম শুভকামনা। তার প্রধান গুণ হলো স্বার্থহীন সহানুভূতি এবং আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি। আমার সেই বন্ধু আশিকুর রহমান। আমরা দুজন রাজশাহী কোর্ট কলেজের শিক্ষার্থী ছিলাম। একসঙ্গে কোচিংয়ে ছোটা, ওর পুরোনো বাইসাইকেলের পেছনে বসে কলেজে আসা-যাওয়া, ক্লাস শেষে রাজশাহী শহরের অলিগলি ঘুরে বেড়ানো এই স্মৃতিগুলো আমার তারুণ্যের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। হতাশার দিনে আশিকই আমাকে শক্তি জুগিয়েছে। কোনো কাজে পিছিয়ে গেলে ও-ই প্রথম অনুপ্রেরণা দিয়েছে। ওর বিশ্বাস আর উৎসাহ আমাকে বারবার নতুন করে শুরু করতে শিখিয়েছে। আশিক আমাকে শিখিয়েছে, বন্ধুত্ব মানে প্রতিদ্বন্দ্বিতা নয়, বন্ধুত্ব মানে একে অন্যের স্বপ্নের সহযাত্রী হওয়া। জীবনে এমন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।

আরও পড়ুন মানবপাচারের দৌরাত্ম্য, যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদেশগামী শিক্ষার্থীরা জীবনের পথে বন্ধু নামের আশ্রয় রিকমা আক্তারশিক্ষার্থী, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ

বন্ধু যে শব্দটিকে কোনো বাক্য দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। রক্তের সম্পর্ক না থাকলেও সত্যিকারের বন্ধু হয় ভাই কিংবা বোনের মতো। বন্ধুত্ব ঝগড়া, খুনসুটি, অভিমান আর নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য মিশেল। অনেক সময় মুখে বলি, ‘তোকে আমার লাগবে না’, কিন্তু মন জানে তুই ছাড়া আমার চলবেও না। বন্ধুত্ব জীবনের টক, ঝাল, মিষ্টির মতো; একটু কম পড়লেও যেন কোনোভাবেই হবে না। প্রচণ্ড মন খারাপে, ব্রহ্মপুত্রের পড়ন্ত বিকেলে, ধোঁয়া ওঠা চায়ের কাপের খুনসুটিতে, সব ঋতুতেই যার উপস্থিতি জীবনে অনেক বেশি প্রয়োজনীয়। খাবার সামনে নিয়েও যে মানুষটাকে নির্দ্বিধায় বলে ফেলা যায়, ‘আমার ভালো লাগছে না, খাইয়ে দে।’ শহরের প্রতিটা অলিগলি জানে আমাদের বন্ধুত্বের গল্প, ফুলেরা-পাখিরা জানে কীভাবে তার কথা ভেবে আনমনে একটা ফুল তুলে নেই। একজনকে দেখলে ক্লাসরুম থেকে শুরু করে রাস্তাগুলোও যেন জিজ্ঞেস করে ফেলে, ‘আরেকজন কোথায়?’ এটি এমন এক সম্পর্ক যা চারপাশের মানুষও আলাদা করে অনুভব করতে পারে। জীবনের দীর্ঘ পথচলায়, হাজারো ব্যস্ততার মাঝেও বেঁচে থাকুক বন্ধুত্ব। সবসময় ভালো থাকুক সেই মানুষগুলো, যেই মানুষগুলো আমাদের ভালো রাখে।

হতাশায় বন্ধুত্বের সহানুভূতির ছোঁয়া সাব্বির হাসান নিরবশিক্ষার্থী, বাজিতপুর সরকারি কলেজ, কিশোরগঞ্জ

জীবনের সবচেয়ে কঠিন সময়ে যখন কেউ পাশে থাকে না, ঘন মেঘের মতো জীবন যখন অন্ধকারের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়, তখন একজন আদর্শ বন্ধুই কেবল তা দূর করতে পারে। বন্ধুত্ব ঠিক গাছের শেকড়ের মতো, যার গভীরতা বাইরে থেকে দেখা না গেলেও তা নীরবে আমাদের ভেতর থেকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। একজন প্রকৃত বন্ধুর উপস্থিতি মানুষের সব প্রকার হতাশাকে ম্লান করে দিতে পারে। আমার ব্যক্তিজীবনেও নানান অসময়ের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। সেই কঠিন সময়ে আমার কাঁধে বিশ্বস্ত হাত রেখেছিল আমার সেই বন্ধুটি। জীবনের যে কোনো অসময়ে সিদ্ধান্তহীনতা কাটাতে এবং হতাশা মোকাবিলা করতে আপনজনের সহানুভূতির ছোঁয়া ভীষণভাবে প্রয়োজন। আর এই নিঃশর্ত সহানুভূতির অপূর্ব আশ্রয় কেবল গভীর বন্ধুত্বের মাধ্যমেই পাওয়া সম্ভব। আজকের এই বিশেষ দিনে গভীরভাবে উপলব্ধি করি, জীবনের জটিল পথপরিক্রমায় একজন ভালো বন্ধু থাকা মানে জীবনের অর্ধেক যুদ্ধ জয় করে নেওয়া, যে ছায়ার মতো সবসময় পাশে থেকে পথ দেখায়।

Advertisement

এক নির্ভেজাল আত্মার বাঁধন তাসনিয়া তাবাচ্ছুমশিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম

বন্ধুত্ব এমন একটি সম্পর্ক, যেখানে অভিনয় করতে হয় না, নিজের সবচেয়ে অগোছালো আর অসম্পূর্ণ দিকটাও নির্দ্বিধায় প্রকাশ করা যায়। এই পৃথিবীতে অনেক মানুষ আসে-যায়, কিন্তু খুব অল্প কিছু মানুষই হৃদয়ে স্থায়ী ঠিকানা করে নেয়। আমার কাছে বন্ধুত্ব ঠিক সেই স্থায়ী ঠিকানারই আরেক নাম। একজন সত্যিকারের বন্ধুর সবচেয়ে বড় গুণ হলো সে আপনাকে বদলে দিতে চায় না, বরং আপনার ভেতরের ভালো মানুষটাকে চিনতে সাহায্য করে। সে আপনার সাফল্যে হাততালি দেয়, আবার ভুল করলে নির্দ্বিধায় চোখে আঙুল দিয়ে ভুলটাও দেখিয়ে দেয়। আসল বন্ধু তো সে, যার কাছে প্রশ্রয়ের চেয়ে সততা বেশি মূল্যবান। আমার জীবনের সবচেয়ে সুন্দর বন্ধুত্বের অভিজ্ঞতা একজন আপুকে ঘিরে। রক্তের কোনো সম্পর্ক নেই, অথচ তার আন্তরিকতা, শাসন, সাহস আর নিঃস্বার্থ সঙ্গ আমাকে বারবার মনে করিয়েছে সম্পর্কের গভীরতা বয়সে নয়, বিশ্বাসে তৈরি হয়। তিনি আমাকে শিখিয়েছেন, মানুষের জীবনে এমন একজন থাকাই যথেষ্ট, যার কাছে নিজের নীরবতাও ভাষা খুঁজে পায়। সেই উপলব্ধিই আমাকে সম্পর্ককে আরও যত্ন করতে এবং মানুষকে আরও গভীরভাবে ভালোবাসতে শিখিয়েছে।

আরও পড়ুন জুমার পর জিলাপি ও বিকেলে ফুটবল, শৈশবের উচ্ছ্বাসে ভরা দিন জীবনের নীরব শক্তি বন্ধুত্ব মো. হেফাজ উদ্দিনশিক্ষার্থী, বাঁশখালী ডিগ্রি কলেজ, চট্টগ্রাম

জীবন আমাদের অনেক সম্পর্ক উপহার দেয়, কিন্তু বন্ধুত্ব সেই বিরল বন্ধন, যার জন্ম রক্তের সম্পর্কে নয় বিশ্বাস, আন্তরিকতা ও হৃদয়ের টানে। আমার কাছে বন্ধুত্ব মানে এমন একজন মানুষের উপস্থিতি, যার সামনে নিজের আনন্দ, কষ্ট, ব্যর্থতা কিংবা দুর্বলতা কোনো সংকোচ ছাড়াই তুলে ধরা যায়। যে আপনাকে বিচার করে না, বদলে দেওয়ার চেষ্টা করে না; বরং আপনার অসম্পূর্ণতাকেও আপন করে নিয়ে নীরবে বলে, ‘আমি আছি।’ একজন সত্যিকারের বন্ধুর সবচেয়ে বড় গুণ তার বিশ্বস্ততা। পৃথিবীতে অনেকেই সাফল্যের কথা শুনে হাততালি দেয়, কিন্তু খুব কম মানুষই নীরব কান্নার শব্দ শুনতে পায়। জীবনের পথচলায় উপলব্ধি করেছি, বন্ধুত্বের গভীরতা একসঙ্গে কাটানো সময়ে নয়; বরং সবচেয়ে কঠিন মুহূর্তে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোর সাহসে মাপা যায়। বন্ধু দিবসে আমার উপলব্ধি একটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি অসংখ্য বন্ধু নয়, বরং এমন একজন মানুষ, যার ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। সময় বদলায়, মানুষ বদলায়, জীবনের দৃশ্যপটও বদলে যায়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব সময়ের স্রোতেও তার উষ্ণতা হারায় না। সে নীরবে হৃদয়ে রয়ে যায় প্রেরণা হয়ে, সাহস হয়ে, আর জীবনের সবচেয়ে নির্মল আশ্রয় হয়ে।

কেএসকে

Advertisement