বিস্কুটের মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম ওজনের পণ্য বাজারজাত এবং একই মোড়কের সামনে ও পেছনের অংশে ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করার অপরাধে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
রোববার (২ আগস্ট) তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম।
আরও পড়ুন মূল্যতালিকা প্রদর্শন না করায় ৬ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানাঅভিযানকালে প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের ওজন যাচাই করে দেখা যায়, পণ্যের প্রকৃত ওজন মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে এবং প্রচলিত ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ পরিপন্থি।
এ সময় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার নির্দেশনা দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
Advertisement
এনএইচ/একিউএফ