খেলাধুলা

নাহিদকে না পেয়ে আক্ষেপ সালাউদ্দিনের, বললেন ‘হা-হুতাশ করে লাভ নেই’

বাংলাদেশ দলের অন্যতম গতিময় পেসার নাহিদ রানা ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় গেলেও চলমান টেস্ট সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না। আর সেটিই সবচেয়ে বেশি হতাশ করেছে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে।

Advertisement

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন জানান, অস্ট্রেলিয়ার কন্ডিশনে নাহিদের বাউন্সার দেখার জন্য তিনি নিজেও মুখিয়ে ছিলেন।

তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আমিও খুব রোমাঞ্চিত ছিলাম যে কবে দেখবো নাহিদ অস্ট্রেলিয়ান ব্যাটারদের আসলে বাউন্সার মারতেছে।’

তবে নাহিদকে না পেলেও হতাশায় ডুবে থাকতে চান না সালাউদ্দিন। দলের অন্য পেসারদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রেখে তিনি বলেন, ‘আমি নিজেও অনেক রোমাঞ্চিত ছিলাম যে নাহিদ রানা খেলবে। যেহেতু হয় নাই, এখানে হা-হুতাশ করে লাভ নাই। আমি মনে করি অন্য বোলার যারা আছে তারাও যদি একটু বুদ্ধি করে বল করতে পারে আমি মনে করি তারাও অনেক ভালো করবে।’

Advertisement

বর্তমানে নাহিদ রানার পাশাপাশি শরিফুল ইসলাম, তাসকিন আহমেদসহ বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে রয়েছেন। ফলে অস্ট্রেলিয়া সফরের আগে পেস আক্রমণ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিল টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে লিটন কুমার দাস স্কোয়াডে ফিরলেও নাহিদের মাঠে ফিরতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।

আসন্ন টেস্ট মৌসুম নিয়ে অবশ্য বেশ আত্মবিশ্বাসী সালাউদ্দিন। বিদেশের মাটিতে ভালো ফল এনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অবস্থান শক্ত করার আশা তার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের বাইরে যে চারটা টেস্ট আছে আমি আশা করব যে এখান থেকে যদি আমরা ভালো কিছু ম্যাচ বের করতে পারি। দেশে আমাদের চারটা ম্যাচ আছে সেই চারটা যদি জিতে যাই তাহলে আমার মনে হয় শীর্ষ এক, দুই ও তিনের মধ্যে থাকতে পারব।’

টেস্ট দলের ক্রিকেটারদের মানসিকতা নিয়েও সন্তুষ্ট এই কোচ। তার বিশ্বাস, লাল বলের ক্রিকেটে যারা নিয়মিত খেলছেন, তারা নিজেদের দায়িত্ব ও লক্ষ্য সম্পর্কে যথেষ্ট সচেতন।

Advertisement

সালাউদ্দিনের ভাষায়, ‘টেস্ট দল নিয়ে আমি সবসময় আশাবাদী। আমার কাছে মনে হয় টেস্ট দলে যারা খেলে তারা নিজেদের সম্পর্কে অনেক ভালো সচেতন এবং নিজেদের লক্ষ্যটা তারা ভালো জানে, অন্যদের চেয়ে গোছানো। আমার কাছে মনে হয় এখানে ভালো না হওয়ার আসলে যুক্তি দেখি না। তাদের ইচ্ছে বা লক্ষ্য বলেন..., বাস্তবিক অর্থে তারা অনেক ভালো কিছু চিন্তা করে।’

এসকেডি/আইএইচএস/