ত্রিদেশীয় ইমার্জিং সিরিজের প্রথম ম্যাচে শনিবার দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ৯০ রানের সহজ লক্ষ্য তাড়া করে ৭ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। তবে স্কোরলাইন যতটা হতাশাজনক, ম্যাচের উইকেট ততটাই কঠিন ছিল বলে জানা গেছে।
Advertisement
বাংলাদেশ দলের হয়ে এ ম্যাচে খেলেছেন জাতীয় দলের অভিজ্ঞতায় থাকা জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু ও মাহিদুল ইসলাম অঙ্কনের মতো ক্রিকেটাররা। তাই এত কম রানে অলআউট হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে- এটি কি শুধুই ব্যাটিং ব্যর্থতা, নাকি উইকেটও বড় ভূমিকা রেখেছে?
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রিটোরিয়ার শীতল আবহাওয়া ম্যাচে বড় প্রভাব ফেলেছে। সকালে তাপমাত্রা কম থাকায় টস জিতে আগে ফিল্ডিং করা দল বাড়তি সুবিধা পেয়েছে। নতুন বলে পেসাররা উইকেট থেকে যথেষ্ট সহায়তা আদায় করতে পেরেছেন।
উইকেটে আর্দ্রতা থাকায় বল কখনো ব্যাটে দেরিতে এসেছে, আবার কখনো অস্বাভাবিক বাউন্স তৈরি করেছে। ফলে শুরু থেকেই ব্যাটারদের জন্য রান করা কঠিন হয়ে পড়ে। এমনকি দ্বিতীয় ইনিংসেও উইকেট পুরোপুরি সহজ হয়নি।
Advertisement
এ ধরনের কন্ডিশনে ১৫০ থেকে ১৮০ রানের সংগ্রহ সাধারণত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর হিসেবে বিবেচিত হয়। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা সেই ভিত্তিটুকুও গড়ে তুলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পেসার দায়ান গালিম ১৮ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় ধস নামান।
পরে ৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ইকবাল হোসেন ইমন ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। তারা তিনটি উইকেট ভাগাভাগি করে নিলেও স্বাগতিকদের জয় ঠেকানো যায়নি। ৭ উইকেটের পরাজয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ ইমার্জিং দল।
এসকেডি/আইএইচএস
Advertisement