ধর্ম

ক্যানসারে মারা গেলে কি শহীদের মর্যাদা পাওয়া যায়?

প্রশ্ন: কেউ যদি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়, সে কি শহীদের মর্যাদা পাবে?

Advertisement

উত্তর: মুমিন ব্যক্তি যদি ক্যানসার বা এ রকম কষ্টদায়ক ও দুরারোগ্য কোনো রোগে আক্রান্ত হয়, রোগের কষ্টে ধৈর্য ধারণ করে এবং ইমানের সঙ্গে মৃত্যু বরণ করে, তাহলে আশা করা যায় সে শহীদের মর্যাদা লাভ করবে।

হজরত জাবের বিন আতিক (রা.) রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন, আল্লাহর পথে জিহাদে নিহত হওয়া ছাড়া আরও সাত ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করে। তারা হলো: ১. প্লেগ রোগে আক্রান্ত হয়ে যে মারা যায়, ২. পানিতে ডুবে যে মারা যায়, ৩. প্লুরিসি রোগে আক্রান্ত হয়ে যে মারা যায়, ৪. পেটের রোগে যে মারা যায়, ৫. আগুনে পুড়ে যে মারা যায়, ৬. কোনো কিছু চাপা পড়ে যে মারা যায়, এবং ৭. যে নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। (সুনানে আবু দাউদ: ৩১১৩)

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, শহীদ হলো পাঁচ ব্যক্তি: ১. প্লেগরোগে মৃত, ২. পেটের রোগে মৃত, ৩. পানিতে ডুবে মৃত, ৪. দেওয়াল চাপা পড়ে মৃত এবং ৫. আল্লাহর পথে লড়াই করে নিহত ব্যক্তি। (সহিহ মুসলিম: ৫০৪৯)

Advertisement

তবে ইসলামের জন্য জীবন দানকারী শহীদের সঙ্গে এভাবে শহীদের মর্যাদা লাভকারীদের পার্থক্য হলো দুনিয়াতে তাদের গোসল ও জানাজা সবই হবে। শহীদদের মতো তাদের গোসল ছাড়া সমাহিত করা হবে না।

ওএফএফ