রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত সব শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা ও স্বল্প খরচে একটি কার্যকরী স্বাস্থ্য বীমা চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
Advertisement
সোমবার (৩ আগস্ট) বেরোবি ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বরাবর স্মারকলিপি প্রদান করেন
স্মারকলিপির মাধ্যমে ছাত্রদল নেতাকর্মীরা দাবি জানান, বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনেক শিক্ষার্থীই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার থেকে আসে। হঠাৎ অসুস্থতা, দুর্ঘটনা বা দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে অধ্যয়নরত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং সুস্থ থেকে সুষ্ঠুভাবে লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বার্থে একটি ‘গ্রুপ স্বাস্থ্য বীমা’ চালু করা সময়ের দাবি।
বেরোবি ছাত্রদলের সহসভাপতি তুহিন রানা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে অধ্যয়নরত শিক্ষার্থীরা অধিকাংশই উত্তরবঙ্গের। এখানে অধ্যয়নরত অধিকাংশ শিক্ষার্থীই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তান। কোনো শিক্ষার্থী অসুস্থ হলে টাকার অভাবে চিকিৎসা সেবা নিতে পারে না, এর চেয়ে দুঃখের আর কী হতে পারে।
Advertisement
তিনি আরও বলেন, আমরা চাই কেউ অসুস্থ হলে যেন প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত হয়। এজন্য প্রয়োজন স্বাস্থ্য বীমা। ঢাবি-রাবিসহ অনেক বিশ্ববিদ্যালয়ের মতো বেরোবিতেও স্বাস্থ্য বীমা চালু হবে এমনটাই আশা করছি। উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী স্যার অতিদ্রুত বেরোবিয়ানদের দাবি বাস্তবায়ন করবেন বলে আশ্বস্ত করেছেন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য বীমা চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা চিকিৎসা ব্যয়ের চাপ থেকে অনেকটাই স্বস্তি পাবে এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে উঠবে।
আজিজুর রহমান/এসজেডএইচ/এএসএম
Advertisement