শিক্ষা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে অংশ নেবে ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ভোকেশনালের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। ছাত্রদের জন্য অংশগ্রহণ বাধ্যতামূলক হলেও ছাত্রীদের জন্য তা ঐচ্ছিক রাখা হয়েছে।

Advertisement

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এসব তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এই টুর্নামেন্টে অংশ নেবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ দেওয়া হবে। দেশের শিক্ষার্থীদের মেধা, মননশীলতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যেই এই আয়োজন করা হচ্ছে।

মাহ্দী আমিন জানান, প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষা ব্যবস্থা চান, যেখানে শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ থাকবে। সে লক্ষ্য সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে বছরজুড়ে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়ন করবে।

Advertisement

তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় ন্যায্যতা, সমতা এবং শহর-গ্রামের বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যেও এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করবে। যেসব মাঠে খেলা অনুষ্ঠিত হবে, সেগুলোও খেলার উপযোগী করে প্রস্তুত করা হবে।

আরও পড়ুন প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়তে তরুণদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মাহ্দী আমিন জানান, মঙ্গলবার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রিপরিষদ সচিব। স্থানীয় প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে। একই সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান বিভাগীয় পর্যায়ে গিয়ে শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগও নিজ নিজ দায়িত্ব অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

টুর্নামেন্টের কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, আগে অনুষ্ঠিত প্রাইমারি স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আদলেই এ প্রতিযোগিতা হবে। প্রথমে উপজেলা, পরে জেলা, বিভাগীয় এবং সবশেষে জাতীয় পর্যায়ে ফাইনাল হবে। এর মাধ্যমে তৃণমূল থেকে নতুন খেলোয়াড় গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও জানান, উদ্বোধনী ম্যাচে প্রধানমন্ত্রীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি ফাইনালেও তিনি উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী সরাসরি এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করায় প্রতিযোগিতার নাম রাখা হয়েছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’।

Advertisement

মাহ্দী আমিন বলেন, সরকারের লক্ষ্য শুধু একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন নয়; বরং শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির সমন্বয়ে শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনা। এ লক্ষ্যে দ্রুত নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে টুর্নামেন্ট শুরু এবং ৩০ অক্টোবরের মধ্যে প্রতিযোগিতা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিগগির চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে।

তিনি জানান, এ জাতীয় আয়োজন বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, বস্ত্র ও পাট, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এএএইচ/এমআইএইচএস