সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমনকে দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের মধ্যে একটি বহাল ও আরেকটি স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত।
Advertisement
সোমবার (৩ আগস্ট) এ আদেশ দেওয়া হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন সুমনের আইনজীবী এম লিটন আহমেদ।
তিনি জানান, রাজধানীর খিলক্ষেত থানায় হত্যার অভিযোগে করা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ১০ আগস্ট দিন ঠিক করেছেন বিচারক। অন্যদিকে, মুগদা থানায় করা হত্যাচেষ্টা মামলায় জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। অন্যদিকে সুমনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম লিটন আহমেদ।
Advertisement
এর আগে খিলক্ষেত ও মুগদা থানায় করা পৃথক দুই মামলায় ব্যারিস্টার সুমনকে জামিন দেন হাইকোর্ট। এ দুই মামলায় আগে জারি করা রুল নিষ্পত্তি করে গত ২৯ জুলাই হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
ওই দিন আদেশের পর আইনজীবী লিটন আহমেদ জাগো নিউজকে জানান, খিলক্ষেত থানার হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় রুল অ্যাবসুলেট করে ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছেন আদালত।
২০২৪ সালের ২১ অক্টোবর দিনগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা রয়েছে। সুমন যুবলীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হন।
এফএইচ/একিউএফ
Advertisement