এবারের দলবদলের বাজারে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তিনি রিয়াল মাদ্রিদে থাকবেন নাকি স্পেন ছেড়ে ইংল্যান্ডে এসে ঠাঁই নেবেন আর্সেনালে।
Advertisement
তাকে নিয়ে চলা তুমুল আলোচনার মধ্যে ভিনিসিয়ুস ফিরে এলেন রিয়াল মাদ্রিদে। অন্যদিকে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ভিনির প্রতি তীব্র আগ্রহের কথা নিজ মুখে জানিয়েছেন। এমনকি তাকে রাজি করানোর সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানালেন।
দলবদল নিয়ে তুমুল আলোচনার মধ্যে বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস। তবে মাঠে ফেরা হলেও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নতুন মৌসুম শুরুর আগে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। সেই বৈঠকেই চূড়ান্ত হতে পারে সান্তিয়াগো বার্নাব্যুতে তার ভবিষ্যৎ।
সোমবার মাদ্রিদের ভালদেবেবাস ট্রেনিং কমপ্লেক্সে নতুন কোচ হোসে মরিনহোর অধীনে অনুশীলন শুরু করেন ভিনিসিয়ুস। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলার কারণে অতিরিক্ত ছুটি পেয়েছিলেন তিনি। তার সঙ্গে এদিন অনুশীলনে যোগ দেন সদ্য দলে যোগ দেওয়া পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা এবং স্প্যানিশ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজও। অনুশীলনের আগে তিনজনই নিয়মিত মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেন।
Advertisement
তবে ভিনিসিয়ুসের অনুশীলনে ফেরা যতটা আলোচনার বিষয়, তার চেয়ে বেশি আলোচনা চলছে চুক্তি নবায়ন নিয়ে। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। রিয়াল মাদ্রিদ ইতোমধ্যেই নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। এখন ক্লাব অপেক্ষা করছে ভিনিসিয়ুসের সিদ্ধান্তের। যদি তিনি নতুন চুক্তিতে রাজি না হন, তাহলে আগামী মৌসুম শেষে বিনা ট্রান্সফার ফিতে তাকে হারানোর ঝুঁকি এড়াতে চলতি দলবদলেই বিক্রি করে দেওয়ার কথাও ভাবছে স্প্যানিশ জায়ান্টরা।
এদিকে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আর্সেনালের আগ্রহ। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ব্যক্তিগতভাবে ভিনিসিয়ুসের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি ব্রাজিলিয়ান উইঙ্গারের সামনে লন্ডন ক্লাবের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেছেন এবং জানিয়েছেন, আর্সেনালের পুরো প্রকল্পের কেন্দ্রবিন্দুতেই থাকবেন ভিনিসিয়ুস।
প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদে যে নেতৃত্বের ভূমিকা তিনি স্পষ্টভাবে পাচ্ছেন না, আর্সেনাল সেটিই তাকে দিতে প্রস্তুত। ফলে ইংলিশ ক্লাবের প্রস্তাবকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন ব্রাজিলিয়ান তারকা।
তবে সব জল্পনার মাঝেও ভিনিসিয়ুস প্রকাশ্যে একাধিকবার জানিয়েছেন, তার প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদেই থাকা। বার্নাব্যুতেই নিজের ক্যারিয়ার চালিয়ে যেতে চান তিনি।
Advertisement
তবু চুক্তি নবায়নের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত না হওয়ায় অনিশ্চয়তা কাটেনি। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আসন্ন বৈঠকই নির্ধারণ করবে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ।
বিশ্বকাপ-পরবর্তী সময়ে তাকে নিয়ে গুঞ্জন আরও বেড়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, দলবদল জটিলতার কারণে তিনি অনুশীলনেও যোগ দেননি। তবে সোমবার ভালদেবেবাসে যোগ দিয়ে সেই জল্পনার ইতি টানেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এখন অপেক্ষা শুধু এক সিদ্ধান্তের- ভিনিসিয়ুস কি নতুন চুক্তিতে স্বাক্ষর করে রিয়াল মাদ্রিদেই নিজের ভবিষ্যৎ গড়বেন, নাকি আর্সেনালের আকর্ষণীয় প্রস্তাব গ্রহণ করে নতুন অধ্যায় শুরু করবেন। সেই উত্তর মিলতে পারে খুব শিগগিরই।
আইএইচএস/