খেলাধুলা

অস্ট্রেলিয়া পৌঁছে যা দেখে মুগ্ধ তাইজুল

অস্ট্রেলিয়া সফরের প্রথম ধাপ শেষ করে ইতোমধ্যে ডারউইনে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। শুক্রবার রাতে প্রথম বহরের সঙ্গে দেশ ছাড়ার পর সেখানে পৌঁছে সোমবার প্রথমবারের মতো মাঠে নেমেছেন ক্রিকেটাররা। কোচিং স্টাফের তত্ত্বাবধানে শুরু হয়েছে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি।

Advertisement

প্রথম দিনের অনুশীলন শেষে সফরের শুরুটা ইতিবাচক বলেই মনে করছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দীর্ঘ যাত্রার পরও ট্রানজিটে বিশ্রামের সুযোগ পাওয়ায় শারীরিকভাবে সতেজ অনুভব করছেন বলে জানান তিনি।

বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় তাইজুল বলেন, ‘জার্নিটা ভালো ছিল কারণ আসার সময় আমরা ট্রানজিট পেয়েছিলাম। ট্রানজিটে বিশ্রাম নেওয়ার একটা ব্যাপার ছিল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।’

ডারউইনের অনুশীলন সুবিধা ও পরিবেশ নিয়েও মুগ্ধতা প্রকাশ করেছেন এই অভিজ্ঞ স্পিনার। তার মতে, প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধাই সেখানে রয়েছে, যা ক্রিকেটারদের অনুশীলন আরও কার্যকর করে তুলছে।

Advertisement

এ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘আমরা এখানে যে সুযোগ সুবিধা পাচ্ছি, সবকিছু মিলে প্রস্তুতি ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ প্রথম দিনে প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। এখানে সুযোগ-সুবিধা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে, ফিল্ডিং থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটি আমরা ভালোভাবে করতে পেরেছি, তো খুব ভালো।’

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট, সাউথ ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। প্রস্তুতির এই সময়টিকে সর্বোচ্চ কাজে লাগিয়ে কঠিন সফরে ভালো ফলের লক্ষ্য নিয়েই এগোচ্ছে টাইগাররা।

এসকেডি/এমএমআর

Advertisement