আন্তর্জাতিক

মস্কোর রেস্তোরাঁয় বোমা হামলায় নিহত ৫, ইউক্রেনকে দায়ী করলো রাশিয়া

রাশিয়ার রাজধানী মস্কোর একটি অভিজাত ইতালীয় রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত ও ১৯ জন আহত হয়েছে। এ ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা কর্নেল জেনারেল আলেকজান্ডার চাইকো হত্যার জন্য এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

জানা গেছে, রাশিয়ায় গত শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বালজি রোসি ইতালীয় রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটে। মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারের স্টালিন আমলের একটি বহুতল ভবনে অবস্থিত অভিজাত ইতালীয় রেস্তোরাঁর প্রবেশমুখে এ বিস্ফোরণটি হয়।

রাশিয়ার প্রসিকিউটররা জানিয়েছেন, একটি অস্থায়ী বিস্ফোরক বহনকারী এক অজ্ঞাতপরিচয় নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন। কিছুক্ষণ পরই বিস্ফোরকটি বিস্ফোরিত হয়। এতে ওই নারীসহ পাঁচজন নিহত এবং আরও ১৯ জন আহত হন।

রোববার (২ আগস্ট) ইউক্রেনকে দায়ী করে বিবৃতি দেয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিবৃতিতে বলা হয়, ভলোদিমির জেলেনস্কির সন্ত্রাসী গোষ্ঠীর রক্তাক্ত থাবা মস্কোর বালজি রোসি ইতালীয় রেস্তোরাঁ পর্যন্ত পৌঁছে গেছে।

Advertisement

যদিও রুশ কর্তৃপক্ষ হামলার লক্ষ্যবস্তু বা নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি তবে রাশিয়াপন্থি সামরিক ব্লগার এবং কয়েকটি স্বাধীন রুশ গণমাধ্যম ভিন্ন একটি দাবি করেছে। তাদের দাবি, ওই সময় নিজের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার মহাকাশ ও বিমানবাহিনীর কমান্ডার আলেকজান্ডার চাইকো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে মঞ্চে “আলেকজান্ডার ৫৫” লেখা দেখা গেছে।

টেলিগ্রাম চ্যানেল VChK-OGPU-এর দাবি, চাইকো অক্ষত থাকলেও তার মেয়ে মারিয়া গুরুতর আহত হয়েছেন এবং জামাতা দানিল পেরেদ্রি নিহত হয়েছেন। বিস্ফোরণের সময় তারা রেস্তোরাঁর টেরেসে অবস্থান করছিলেন।

রুশ দৈনিক কমার্স্যান্ট জানিয়েছে, তদন্তকারীদের ধারণা, বিস্ফোরক বহনকারী নারী হয়তো জানতেনই না যে তিনি একটি বোমা বহন করছেন। তাদের মতে, অন্য কেউ দূর থেকে বিস্ফোরকটি সক্রিয় করে থাকতে পারে যাতে ওই নারীও নিহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে রাশিয়ার অভিজাত ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস (FSO)-এর একজন সদস্যও রয়েছেন।

Advertisement

সূত্র: তাস/গার্ডিয়ান

কেএম