বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে আরও বেশি শিক্ষাবৃত্তি চালুর আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
Advertisement
এর পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি), গবেষণা ও দক্ষতা উন্নয়নে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ, কাস্টমস ও মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল এডুকেশনের সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব বিষয়ে কথা বলেন।
এ সময় বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল উপস্থিত ছিলেন।
Advertisement
সাক্ষাৎকালে উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও গবেষণা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করে।
আরও পড়ুন গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রীশিক্ষামন্ত্রী অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে।
এদিকে, একই দিন চীনের ফুদান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট চেন ঝিমিনের নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদলও শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এবং ফুদান ইউনিভার্সিটির ভাইস ডিন ঝ্যাং পিং উপস্থিত ছিলেন। বৈঠকে শিক্ষার উন্নয়নে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
Advertisement
শিক্ষামন্ত্রী শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ, অভিজ্ঞতা বিনিময় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
এএএইচ/এএমএ