খেলাধুলা

নাহিদ রানার চোটকে ‘গুড লাক’ বললেন কোচ

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দল থেকে চোটের কারণে ছিটকে গেছেন নাহিদ রানা। তবে বিষয়টিকে দীর্ঘমেয়াদে ইতিবাচক হিসেবেই দেখছেন তার শৈশবের গুরু ও বর্তমানে বিসিবির অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচ আলমগীর কবির।

Advertisement

সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আলমগীর জানান, এই বিরতি নাহিদকে নিজের শরীরের প্রতি আরও সচেতন হতে সাহায্য করবে এবং ভবিষ্যতে ইনজুরি এড়িয়ে চলার বিষয়ে তাকে বেশি মনোযোগী করে তুলবে।

আলমগীর বলেন, ‘আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে এরকম একটা ইনজুরি বা না খেলতে পারাটা গুড লাক। নিজে সতর্ক হওয়া, কীভাবে আরও নিজের যত্ন নিতে পারবে (সে বুঝতে পারবে)। যে ইনজুরিটা হয়েছে, ইনজুরি থেকে আর কখনো যেন না হয় বা বিভিন্ন ইনজুরি যে হয় আমরা পেস বোলারদের, সেখান থেকে নিজেকে কীভাবে যত্ন করবে, সে নিজে থেকেই এখন আরও চেষ্টা করবে।’

নাহিদের বিকল্প হিসেবে কেউ পুরোপুরি তার শূন্যতা পূরণ করতে পারবে না বলেই মনে করেন আলমগীর। তবে মুশফিক হাসানের ওপর তার যথেষ্ট আস্থা রয়েছে। দেশীয় ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এই তরুণ পেসার অস্ট্রেলিয়ার মাটিতে ভালো কিছু উপহার দিতে পারেন বলেও বিশ্বাস তার।

Advertisement

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নাহিদের ঘাটতি পূরণ করতে পারবে না। কিন্তু আমার বিশ্বাস, ও চমকে দেওয়ার মতো কিছু করবে। কারণ আমরা স্থানীয় ক্রিকেটে, জাতীয় ক্রিকেট লিগে ওর খেলা দেখছি। যথেষ্ট জোরে বোলিং করে এবং এনার্জেটিক। অনেক সময় ধরে বোলিং করতে পারে। আমার বিশ্বাস, যদি তাকে খেলানো হয়, ভালো কিছু করবে।’

মুশফিককে বয়সভিত্তিক ক্রিকেট থেকেই কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন আলমগীর। তার মতে, সুযোগ পেলে এই পেসার নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারবেন।

তিনি বলেন, ‘আমি অনূর্ধ্ব ১৭ দলে দেখছি (মুশফিক হাসানকে)। সে ভালো, এনার্জেটিক। অনেকক্ষণ বোলিং করতে পারে এবং জোরেও বল করতে পারে। হয়তো আগেও সুযোগ পেয়েছিল, কিন্তু ম্যাচ খেলানোর সুযোগ হয়নি। আমার বিশ্বাস, অস্ট্রেলিয়ায় গেছে, সেখানে ভালো করবে।’

এসকেডি/এমএমআর

Advertisement