বিনোদন

মা-বাবাকে নিয়ে কটাক্ষ, কড়া বার্তা দিলেন ইমন চক্রবর্তী

সম্প্রতি জগন্নাথ পূজাকে কেন্দ্র করে আলোচনায় রয়েছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। বাড়িতে আয়োজিত পূজায় প্রয়াত মায়ের ছবি রাখার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিনি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার তাকে নিয়ে করা একটি ফেসবুক পোস্টের জবাবে কড়া বার্তা দিলেন এই শিল্পী।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে নবনীতা বন্দ্যোপাধ্যায় নামে এক নারীর একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন ইমন। ওই পোস্টে পূজায় ভগবান জগন্নাথের মূর্তির সঙ্গে তার প্রয়াত মায়ের ছবি রাখা নিয়ে প্রশ্ন তোলা হয়। শুধু তাই নয়, ইমনের ব্যক্তিগত জীবন, পেশাগত সাফল্য, পারিশ্রমিক এবং রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়েও একাধিক অভিযোগ করা হয়।

এসব অভিযোগের জবাবে ইমন স্পষ্ট ভাষায় লেখেন, ‘অনেক হয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মুশকিল হবে। যিনি এই পোস্ট করেছেন, তিনি আমাকে ব্লক করে লিখেছেন। আমার সম্পর্কে যা যা বলেছেন, তার প্রমাণ দিতে হবে। কোথায়, কত টাকার কথা বলেছেন, তারও প্রমাণ চাই। না হলে এবার একটু মুশকিল।’

মা-বাবাকে নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন এই সংগীতশিল্পী। তিনি লেখেন, ‘হ্যাঁ, আমার কাছে আমার বাবা-মাই সবার আগে। তাদের নাম নেওয়া যদি অপরাধ হয়, তাহলে আমি বারবার সেই অপরাধ করব।’

Advertisement

আরও পড়ুন অভিনয় ছেড়ে চাষাবাদ করতে চেয়েছিলেন এই তারকা, কারণ কী?

ইমনের এই পোস্টে সমর্থন জানিয়েছেন অনেক অনুরাগী। একজন লিখেছেন, মানুষ যখন নিজের পরিশ্রমে সফল হয়, তখন ঈর্ষান্বিত মানুষেরা নানা ধরনের অপপ্রচার চালায়। তাই এসব মন্তব্যে গুরুত্ব না দিয়ে নিজের কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি মন্তব্য করেন, জীবিত মা-বাবাকে সম্মান করাই প্রকৃত মানবিকতার পরিচয়।

আরেকজন নেটিজেন লেখেন, যারা সরাসরি সমালোচনা করার সাহস রাখে না, তাদের নিয়ে ভাবার প্রয়োজন নেই। জবাবে ইমন বলেন, ‘সবাই একটু দেখুক, প্রতিদিন কত কিছু সহ্য করতে হয়। মা-বাবাকে নিয়ে আক্রমণ করা বন্ধই হচ্ছে না।’

আরও পড়ুন আবারও মুখোমুখি কঙ্গনা-হৃতিক, নতুন করে শুরু বিতর্ক

উল্লেখ্য, এর আগেও জগন্নাথ পূজায় প্রয়াত মায়ের ছবি রাখার বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ইমন চক্রবর্তী। তখনও তিনি বলেছিলেন, তার কাছে বাবা-মা ঈশ্বরতুল্য। তাই তাদের সর্বোচ্চ সম্মান দেওয়াকে তিনি ভুল মনে করেন না।

এমএমএফ

Advertisement