কৃষি ও প্রকৃতি

নড়াইলে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল

নড়াইল জেলার সবখানেই এখন আম গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। চারদিকে ছড়িয়ে পড়েছে মনকাড়া ঘ্রাণ। এ যেন হলুদ আর সবুজের মহামিলন।

Advertisement

সরেজমিনে জানা যায়, নানা ধরনের ফুলের সুবাসের সঙ্গে বাতাসে ভাসছে আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণ। যে সৌরভ মনকে বিমোহিত করে। আম বাগানে মৌমাছির দল ঘুরে বেড়ায় গুনগুন শব্দে। ছোট পাখিরাও মুকুলে বসে মনের আনন্দে।

স্থানীয়রা জানান, জেলার প্রায় সব এলাকা মুকুলে ছেয়ে গেছে। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ভরে উঠেছে বাগানসহ ব্যক্তিগত আম গাছ। বাগানগুলোতে আছে আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, হাঁড়িভাঙা জাত।

আরও পড়ুনমানিকগঞ্জে ৯০ কোটি টাকার গাজর বিক্রির সম্ভাবনা 

বাগান ঘুরে দেখা যায়, ছোট আকারের চেয়ে বড় ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল এসেছে। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন নড়াইলের বাগান মালিকরা।

Advertisement

আম চাষিরা জানান, এ বছর আগেভাগে মুকুল এসেছে। এখন ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ আম গাছে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন পাবেন চাষিরা।

নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ‘জেলায় বছরজুড়ে নিয়মিত পরিচর্যা, গাছের গোড়ায় বাঁধ দিয়ে পানি সেচের ফলে গাছ নিয়মিত খাদ্য পায়। এ বছর আশা করি আমের বাম্পার ফলন হবে।’

হাফিজুল নিলু/এসইউ

Advertisement