শিশু অসুস্থ হলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও অন্যান্য ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করুন। আল্লাহ তাআলা চাইলে শিশুটিকে দ্রুত আরোগ্য দান করতে পারেন। অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা, ওষুধ সেবন করা যেমন নবীজির (সা.) আদর্শ, সুস্থতার জন্য দোয়া করাও নবীজির (সা.) আদর্শ।
Advertisement
এখানে আমরা হাদিসে বর্ণিত কিছু দোয়া উল্লেখ করছি যা অসুস্থ শিশুর সুস্থতার জন্য পড়বেন:
১. শিশুর পূর্ণ সুস্থতার জন্য দোয়াশিশু অসুস্থ হলে তার সামনে বসে নিম্নোক্ত দোয়াটি পড়ুন:
أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ اشْفِ وَأَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
Advertisement
উচ্চারণ: আযহিবিল বা’সা রাব্বান-নাস ইশফি ওয়া আনতাশ-শাফী লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা য়ুগাদিরু সাকামান।
অর্থ: কষ্ট দূর করে দিন হে মানুষের রব, শেফা দান করুন, আপনিই একমাত্র শেফা দানকারী। আপনার শেফা ছাড়া অন্য কোনো শেফা নেই। এমন শেফা দান করুন যা সামান্য রোগও অবশিষ্ট রাখবে না।
আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) যখন কোন রোগীকে দেখতে যেতেন অথবা তার কাছে যখন কোন রোগীকে আনা হতো, তখন তিনি তার সুস্থতার জন্য এই দোয়া পড়তেন। (সহিহ বুখারি)
২. শিশুকে রুকইয়াহ করার দোয়াঅসুস্থ শিশুর শরীরে নিম্নোক্ত দোয়াটি পড়ে ফুঁ দিন:
Advertisement
بِسْمِ الله أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللهُ يَشْفِيكَ بِسمِ اللهِ أُرقِيكَ
উচ্চারণ: বিসমিল্লাহি আরক্বীকা মিন কুল্লি শাইয়িন ইউযীকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু য়্যাশফীকা বিসমিল্লাহি আরক্বীকা।
অর্থ: আমি তোমাকে আল্লাহর নাম নিয়ে প্রত্যেক কষ্টদায়ক বস্তু থেকে এবং প্রত্যেক আত্মা অথবা বদনজরের অনিষ্ট থেকে মুক্তি পেতে রুকইয়াহ করছি (ঝাড়ছি)। আল্লাহ তোমাকে আরোগ্য দান করুন। আল্লাহর নাম নিয়ে তোমাকে রুকইয়াহ করছি (ঝাড়ছি)।
আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত একবার জিবরীল (আ.) নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে এসে বললেন, হে মুহাম্মাদ! আপনি কি অসুস্থ বোধ করছেন? জবাবে তিনি বললেন, হ্যাঁ! তখন জিবরীল (আ.) উপরোক্ত দোয়াটি পড়েন। (সহিহ মুসলিম)
৩. শিশুর সুরক্ষার জন্য দোয়াঅসুস্থতা, বদনজর, দুষ্ট জিন ও জাদুর প্রভাব ইত্যাদি সব রকম অনিষ্ট থেকে শিশুর সুরক্ষার জন্য নিম্নোক্ত দোয়াটি পড়ুন:
أُعِيذُكَ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ
উচ্চারণ: উয়ীযুকা বিকালিমাতিল্লাহিত-তাম্মাহ মিন কুল্লি শায়ত্বানিউঁ ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ।
অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় প্রত্যেক শয়তান ও কষ্টদায়ক জন্তু থেকে এবং প্রত্যেক ক্ষতিকর নজর থেকে আল্লাহর কাছে তোমার জন্য আশ্রয় প্রার্থনা করছি।
নবীজি (সা.) তার নাতি হাসান-হোসাইনের সুরক্ষার জন্য এ দোয়াটি পড়তেন। (সহিহ বুখারি)
ওএফএফ