দুই দিনব্যাপী বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬ শুরু হচ্ছে আগামী ৮ ও ৯ মে। কনফারেন্সে ৫০০-এর বেশি সাংবাদিক অংশগ্রহণ করবেন। এতে ১২টির বেশি সেশনে ২০ জন দেশি-বিদেশি আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
Advertisement
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডেইলি স্টার ভবনে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, দেশের বর্তমান গণতান্ত্রিক যাত্রাপথের প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে গণমাধ্যমের যথাযথ ভূমিকা তুলে ধরা জরুরি। সম্মেলনে মোট ১২টি সেশন থাকবে এবং ২০ জনের বেশি আলোচক অংশ নেবেন। এতে ৫০০ জনের বেশি অংশগ্রহণকারী থাকার কথা রয়েছে।
কনফারেন্সে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পর্তুগালসহ ১০টির বেশি দেশের সাংবাদিক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন।
Advertisement
হাসিবুর রহমান জানান, এমআরডিআই-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে প্রতি দুই বছর পরপর এ ধরনের সম্মেলন আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকরা সাধারণত এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ খুব কম পান। তাই এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সংযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়ানোই লক্ষ্য।
এমআরডিআই নিরপেক্ষ, অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতাকে সমর্থন দিয়ে যেতে চায়। একই সঙ্গে প্রযুক্তিগত পরিবর্তন, গণমাধ্যমে আস্থার সংকট, জবাবদিহিতা ও নারীদের অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়েও আলোচনা উৎসাহিত করবে এই সম্মেলনে।
এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান আরও বলেন, এই সম্মেলনে অনুসন্ধানী সাংবাদিকতা বিশেষ গুরুত্ব পাবে। এ ছাড়া গণমাধ্যমের জবাবদিহিতা, অভিযোগ নিষ্পত্তি, স্বাধীন গণমাধ্যমের পরিবেশ, ডিজিটাল সংবাদকক্ষ রূপান্তর, তথ্যের ব্যবহার, লিঙ্গসমতা, অন্তর্ভুক্তি, সাংবাদিকদের নিরাপত্তা ও নাগরিক সমাজের মধ্যে শক্তিশালী অংশীদারত্ব নিয়ে আলোচনা হবে।
Advertisement
সম্মেলনস্থলে অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য অধিকার, তথ্য যাচাই এবং মানসিক স্বাস্থ্য সহায়তা বিষয়ে চারটি সহায়তা ডেস্ক স্থাপন করা হবে।
বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে www.bdjc.mrdibd.org এই ওয়েবসাইটে অংশগ্রহণকারীরা নিবন্ধন করতে পারবেন। দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি শিক্ষক, এমআরডিআই-এর সাবেক শিক্ষার্থী, গবেষক, তথ্য যাচাইকারী, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
ঢাকার বাইরে থেকে ১৫ জন সাংবাদিকের জন্য ফেলোশিপের সুযোগও ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। আগ্রহীদের আগে গল্পের ধারণা জমা দিতে হবে এবং মূল্যায়নের মাধ্যমে ফেলো নির্বাচন করা হবে। নির্বাচিতরা এমআরডিআই-এর পক্ষ থেকে পরামর্শদাতা সহায়তা পাবেন।
টিটি/এসএইচএস