বিনোদন

জীবনের গল্প থেকে নৃত্যনাট্য, রূপান্তরের দেহকৌশল নিয়ে ঢাকায় কর্মযজ্ঞ

জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র গল্পকে কীভাবে নাচে রূপান্তর করা যায়, এমন ব্যতিক্রমধর্মী এক কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে ঢাকায়। সেখানে জীবনের গল্পকে শরীরী ভাষায় তুলে ধরা শেখাবেন দেশ-বিদেশের স্বনামধন্য শিক্ষক, শিল্পী ও গবেষকেরা।

Advertisement

দেহভিত্তিক জ্ঞান, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং শিল্পচর্চার মাধ্যমে লিঙ্গ, সমাজ ও পরিবেশবিষয়ক আলোচনাকে নতুন মাত্রা দিতে ‘এমবডিড কনসেপ্টস অব প্রকৃতি’ শিরোনামে এক দীর্ঘ কর্মশালার আয়োজন করা হয়েছে ঢাকায়। অডিশনের মাধ্যমে নির্বাচিত ৩৫ জন নৃত্যশিল্পী, লেখক, নকশাকার ও গবেষক এতে অংশ নেবেন। নৃত্যনাট্যের মাধ্যমে নারীবাদী এবং যত্ননির্ভর সৃজনশীল চর্চা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এ কর্মশালায়।

মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. ইমতিয়াজ আহমেদ। ছবি: সংগৃহীত

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সাংস্কৃতিক সংস্থা সাধনার শিল্পনির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুবনা মারিয়াম। ‘ইউজিং মাইক্রো-ন্যারেটিভস টু টেল আওয়ার স্টোরিজ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সেন্টার পর অলটারনেটিভসের নির্বাহী পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ। এ দিন আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ব্রিটিশ কাউন্সিল এবং সাধনার প্রতিনিধিরা। এ সময় নিজেদের সংক্ষিপ্ত পরিবেশনাও দেখাবেন অংশগ্রহণকারীরা।

Advertisement

আসছে ১৭ এপ্রিল শুক্রবার বেলা ১১টায় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃতকলা ভবনের মহড়াকক্ষে কর্মশালাটি উদ্বোধন করা হবে। চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। কর্মশালা মেন্টরিং করবেন আন্তর্জাতিক থিয়েটার ব্যক্তিত্ব রেমন্ড ক্যাল্ডওয়েল, লুবনা মারিয়াম, নৃত্যশিল্পী ও শিক্ষক সোহিনী দাস হার্টসম্যান, অভিনেত্রী নায়লা আজাদ নূপুর, অভিনেত্রী ও শিক্ষক সামিনা লুৎফা প্রমুখ। কর্মশালা চলাকালে অংশগ্রহণকারীরা নির্মাণ করবেন নারীবাদী নৃত্যনাট্য, যেগুলো ২৫ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ডব্লিউওডব্লিউ বাংলাদেশ চ্যাপ্টার-এর দিনব্যাপী উৎসবে পরিবেশন করা হবে।

থিয়েটার ব্যক্তিত্ব রেমন্ড ক্যাল্ডওয়েল

কেন এই কর্মশালা? এ প্রসঙ্গে আয়োজকেরা জানান, তারা এমন একটি সৃজনশীল পরিসর তৈরি করতে চান, যেখানে নারীদের কণ্ঠ, অভিজ্ঞতা ও শিল্পচর্চা লিঙ্গসমতা, যত্ন এবং পরিবেশগত দায়িত্ব নিয়ে বৃহত্তর সামাজিক আলোচনার সঙ্গে যুক্ত হতে পারে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সমর্থন, ব্রিটিশ কাউন্সিল ও ডব্লিউওডব্লিউ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ‘এমবডিড কনসেপ্টস অব প্রকৃতি’ শীর্ষক ধারাবাহিক এ কর্মশালার যৌথ আয়োজক সাধনা ও নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ।

Advertisement

আরএমডি