কুয়েতে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির জনশক্তি বিভাগ। নির্দিষ্ট কিছু খাতে কর্মরত প্রবাসীরা এখন থেকে শর্তসাপেক্ষে অন্য খাতে কাজ বা ভিসা পরিবর্তনের সুযোগ পাবেন। আগামী ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত দুই মাসব্যাপী এই বিশেষ সুযোগ কার্যকর থাকবে।
Advertisement
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার তাদের অফিসিয়াল এক্স (টুইট) অ্যাকাউন্টে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
কুয়েত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মূলত বাইরে থেকে (বিদেশের নিয়োগকর্তার মাধ্যমে) নিয়ে আসা শ্রমিকরা এই সুবিধার আওতায় পড়বেন। যেসব খাতের কর্মীরা এই সুযোগ পাবেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, শিল্প খাত, কৃষি খাত, মৎস্য ও পশুপালন খাত।
এই সিদ্ধান্তটি অস্থায়ী এবং ১ মে থেকে ৩০ জুনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বর্তমান বা মূল নিয়োগকর্তার (কফিল) পূর্বানুমতি ছাড়া কোনো কর্মী এই স্থানান্তর করতে পারবেন না। নতুন নিয়োগকর্তাকে কুয়েতের ‘আশাল’ কর্পোরেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনুরোধ জমা দিতে হবে। পুরো প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমেই সম্পন্ন করতে হবে।
Advertisement
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসেফ আল-সাবাহ-এর নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত বর্তমান পরিস্থিতিতে স্থানীয় শ্রমবাজারের জরুরি চাহিদা পূরণ এবং স্থিতিশীলতা বজায় রাখতেই এই ‘ব্যতিক্রমী’ সুযোগ দেওয়া হচ্ছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এর আগে এসব খাতের কর্মীদের নিজ নিজ খাতের বাইরে কাজ করা নিষিদ্ধ ছিল। এই নতুন সিদ্ধান্তের ফলে দেশটিতে দক্ষ শ্রমিকের ঘাটতি পূরণ হবে বলে আশা করছে কুয়েত কর্তৃপক্ষ।
এমআরএম
Advertisement