জাতীয়

এনসিটি অপারেশনের প্রস্তাবনায় ইতিবাচক সম্ভাবনা আছে: নৌমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) অপারেশন নিয়ে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনায় ইতিবাচক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

Advertisement

রোববার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিদর্শনে গেলে ডিপি ওয়ার্ল্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এনসিটি অপারেশন করার একটি প্রস্তাবনা আছে। সেই প্রস্তাবনার যথেষ্ট ইতিবাচক সম্ভাবনা আছে। আবার যেখানে ইতিবাচক সম্ভাবনা তৈরি হয়, সেখানে ছোটোখাটো কিছু প্রতিবন্ধকতাও তৈরি হয়। একটি পরিবর্তন যখন আসে, তখন কিছু ক্ষতিগ্রস্তও হয়, আবার কিছু এচিভ করা সম্ভব হয়। আমরা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করছি। শ্রমিকরা আন্দোলন করেছিল, নিশ্চয়ই তাদের কিছু দাবি আছে, তাদের কিছু ন্যায্যতা আছে, সেটা তারা নিশ্চিত হতে চায়। সেই ন্যায্যতাটাকে আমলে নিয়ে আরও বেশি রাষ্ট্রের ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে পারি, সেক্ষেত্রে শ্রমিকরা সেখানে দেশপ্রেমের জায়গায় তারা উদার হবে, যদি না তারা বঞ্চিত হয়।

শেখ রবিউল আলম বলেন, আমাদের বৃহত্তর স্বার্থটাও চিন্তা করতে হবে। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি। আমাদের সম্ভাবনাগুলোকে যদি কাজে লাগাতে চাই তাহলে অন্যদেরও, যারা বিনিয়োগ করবে, তাদের কিছু রাইট রয়েছে। সেখানেও আন্তর্জাতিক পর্যায়ে একটা প্রতিযোগিতা আছে। ভিয়েতনাম যে সুবিধা দিচ্ছে, শ্রীলঙ্কা দিচ্ছে, ইন্ডিয়া দিচ্ছে, দিয়ে তারা আবার সুবিধা নিচ্ছে। আমাদের কোনো কোনো জায়গায় উদার হয়ে বেশি সম্ভাবনা বা বেশি সুবিধা নেওয়ার মানসিকতাটা তৈরি করতে হবে।

Advertisement

চট্টগ্রাম সফর সফল হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, যদি আমরা পুরো বিষয়টি সমন্বিতভাবে ফাংশন করতে পারি, সেটা আমাদের সরকারের অঙ্গীকার, প্রধানমন্ত্রীর অঙ্গীকার, আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, সমৃদ্ধি চাই, অর্থনীতি বিকশিত হওয়ার সম্ভাবনা যেসব সেক্টর থেকে, তার সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে চাই, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। সেজন্য চট্টগ্রামে ভিজিট। একটি সফল ভিজিট হয়েছে। কিছু সিদ্ধান্ত আমরা প্রাথমিকভাবে নিতে সমর্থ হয়েছি। আর কিছু সিদ্ধান্ত ঢাকায় গিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক কিংবা প্রধানমন্ত্রীর কনসার্ন নিয়ে বাস্তবায়ন করতে হবে।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

এমডিআইএইচ/ইএ

Advertisement