জাতীয়

বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির 

বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে পুঁজি করে বাস মালিক সমিতির সরকার সমর্থিত প্রভাবশালী নেতারা অতীতের ফ্যাসিস্ট সরকারের পদাঙ্ক অনুসরণ করে ভাড়া বাড়ানোর পাঁয়তারা করছে। তারা সরকারের সঙ্গে মিলে একচেটিয়া ভাড়া বাড়ানোর পাঁয়তারা করছে। রাতের আঁধারে ভাড়া বৃদ্ধির গোপন বৈঠক এমন চক্রান্তের ইঙ্গিত দেয়।

আরও পড়ুনবাসের ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি তেলের দাম বাড়ায় রাইডশেয়ারের মোটরসাইকেলে বেড়েছে ভাড়া 

যাত্রী কল্যাণ সমিতির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ রাতে গুরুত্বপূর্ণ অংশীজন ও গণমাধ্যম এড়িয়ে বিআরটিএ সদর দপ্তরে গোপনে ভাড়া বৃদ্ধির বৈঠকের খবর এসেছে। এ খবর পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, নিকট অতীতে ৩ দফা জ্বালানি তেলের মূল্য ৩ টাকা হারে কমানোর পরিপ্রেক্ষিতে বাস ভাড়া কিলোমিটারে ৩ পয়সা হারে কমানো হয়েছে, ২ টাকা কমানোর পরিপ্রেক্ষিতে ২ পয়সা হারে ভাড়া কমানো হয়েছে। এবার প্রতিলিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা হারে বৃদ্ধির জন্য দেশের যাত্রী সাধারণের পক্ষ থেকে প্রস্তাব তুলে ধরেন তিনি।

Advertisement

মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, আমলাতন্ত্রকে ম্যানেজ করে এর অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করা হলে সরকারের জনপ্রিয়তায় কমবে, জনরোষ তৈরি হবে। তাই বাস মালিক সমিতিকে একচেটিয়া সুবিধা দেওয়ার এমন কর্মকাণ্ড থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। 

এমএমএ/কেএসআর