শিক্ষা

‘ডিজি প্রার্থী’ মাউশির পরিচালক কাজী কাইয়ুম শিশির ওএসডি

শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস) পদ থেকে পদত্যাগ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল।

Advertisement

তিনি দায়িত্বে যোগদানের পরপরই মাউশির পরিচালক পদ থেকে আরেক ‘ডিজি প্রার্থী’ অধ্যাপক কাজী কাইয়ুম শিশিরকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মাউশিতে সংযুক্ত করা হয়েছে।

শুধু তা-ই নয়, তাকে আজই নিজ কর্মস্থল থেকে ছাড়ার (অবমুক্ত) নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় তিনি আজ অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখার উপসচিব তানিয়া ফেরদৌসের সই করা এক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়।

Advertisement

অধ্যাপক কাজী কাইয়ুম শিশির বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তিনি ইংরেজির অধ্যাপক। শিশির মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক ছিলেন। এর আগে তিনি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআই) পরিচালক ছিলেন।

মাউশি সূত্র জানায়, ডিজি পদে যে কয়েকজন শিক্ষা ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা তদবির করছিলেন, তাদের মধ্যে কাজী কাইয়ুম শিশির অন্যতম। তবে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেলকে ডিজির অতিরিক্ত দায়িত্ব দেওয়ার পর তিনি নানান রকম ‘কূটচাল’ করছেন বলে অভিযোগ ওঠে। বিভিন্ন গণমাধ্যমে অধ্যাপক সোহেলকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশের পেছনেও তিনি ভূমিকা রেখেছেন বলেও শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ করে একটি পক্ষ। এরপরই শিক্ষামন্ত্রী তাকে তাৎক্ষণিক ওএসডি করার নির্দেশনা দেন।

বিষয়টি নিয়ে জানতে চাইল অধ্যাপক কাজী কাইয়ূম শিশির জাগো নিউজকে বলেন, ‘কেন, কী কারণে আমাকে হঠাৎ ওএসডি করা হয়েছে, তা আমি জানি না।’

এদিকে, মাউশির ডিজি পদে অধ্যাপক সোহেলকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার পর থেকে শিক্ষা ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে নেতিবাচক প্রভাব দেখা গেছে। তারা বারবার একই ব্যক্তিকে বিভিন্ন লাভজনক ও ভালো পদে পদায়ন করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

Advertisement

এএএইচ/এমকেআর