জ্বালানি তেল ও গাড়ির যন্ত্রাংশের দাম বাড়ায় পরিবহন খাতে পরিচালন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে বলে দাবি করেছেন চট্টগ্রামের সড়ক পরিবহন মালিকরা। এতে তারা লোকসানের মুখে পড়ছেন উল্লেখ করে গণপরিবহনের ভাড়া সমন্বয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।
Advertisement
সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রাম আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এবং চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি কফিল উদ্দিন। পরিচালনা করেন সংগঠনটির অতিরিক্ত মহাসচিব আহাসান উল্লাহ চৌধুরী।
সভায় নেতারা বলেন, ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে প্রতিদিন পরিবহন পরিচালনার খরচ বেড়ে যাচ্ছে। একই সঙ্গে টায়ার, লুব্রিকেন্ট ও অন্যান্য যন্ত্রাংশের দামও বেড়েছে। বর্তমান ভাড়া কাঠামো দিয়ে এই বাড়তি ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
Advertisement
মালিকরা বলেন, কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে বাস্তবসম্মত হারে ভাড়া সমন্বয় এখন সময়ের দাবি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা।
সভায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কে সম্প্রতি গাড়ি পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগও প্রকাশ করা হয়। নেতারা বলেন, এ ধরনের ঘটনায় পরিবহন খাতে অস্থিরতা তৈরি হচ্ছে এবং চালক-শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। তারা এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানান।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরী, যুগ্ম সম্পাদক মো. শওকত আলী, মো. সৈয়দ হোসেন, মো. ফারুক খান, মোহাম্মদ আলাউদ্দিন, কাজী আনিসুর জামান সোহেল, এম মনসুর রহমান চৌধুরী, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ খুরশিদ আলম, মোহাম্মদ রাশেদ, এয়ার মোহাম্মদ, মোহাম্মদ আখতারুজ্জামান, মোহাম্মদ ইমরান হোসাইন, সুজন বিশ্বাস, মোহাম্মদ ইসহাক চৌধুরী, মোবারক হোসেন প্রমুখ।
এমআরএএইচ/একিউএফ
Advertisement