বগুড়া সফরে এসে প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এই দুটি গুরুত্বপূর্ণ স্থাপনার ফলক উন্মোচনের মাধ্যমে তিনি বগুড়া সফরের আনুষ্ঠানিক কর্মসূচি সমাপ্ত করেন।
Advertisement
এসব কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হন। ফেরার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) কিছুক্ষণ যাত্রাবিরতি করবেন। সেখান থেকে সরাসরি রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে তার যাওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে স্ত্রীসহ নিজ জেলা বগুড়ায় পৌঁছান তারেক রহমান। দিনভর তিনি বেশকিছু উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন। তার সফরের উল্লেখযোগ্য কাজের মধ্যে ছিল দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে উন্নীত করার আনুষ্ঠানিক ঘোষণা ও উদ্বোধন।
আরও পড়ুন:বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রীআমাদের লক্ষ্য দেশের মানুষের উন্নয়ন: প্রধানমন্ত্রী
Advertisement
এর আগে সকালে তিনি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন এবং নবনির্মিত আইনজীবী সমিতি ভবনের ফলক উন্মোচন করেন। দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ীতে শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জাতীয় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এবং পৈতৃক ভিটা পরিদর্শন করেন।
এছাড়া তিনি স্থানীয় নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ এবং চৌকিরদহ খাল খনন প্রকল্পেরও উদ্বোধন করেন।
বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন। জনসভা শেষ করেই তিনি প্রেস ক্লাব ও মসজিদ কমপ্লেক্সে যান।
এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো বগুড়া শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
Advertisement
এলবি/এনএইচআর/জেআইএম