দেশের তৈরি পোশাক খাতের বৈশ্বিক ব্র্যান্ডিং জোরদার এবং শিল্পের বিদ্যমান ও উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় পডকাস্ট সিরিজ চালু করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
Advertisement
নতুন এ উদ্যোগের মাধ্যমে শিল্পটির গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে সামনে এনে তথ্যনির্ভর আলোচনা এবং নীতিগত দিকনির্দেশনা খাত-সংশ্লিষ্টদের সামনে তুলে ধরা হবে।
বর্তমান পরিচালনা পর্ষদের এ ব্যতিক্রমী উদ্যোগটি মূলত দেশের প্রধান রপ্তানি খাতের ভাবমূর্তি উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধির পথরেখা নির্ধারণে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি শিল্পখাতের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি নীতিনির্ধারণী প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে।
বিজিএমইএ’র এই পডকাস্ট সিরিজে পোশাক শিল্পের ভেতর ও বাইরের বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন। এতে ব্যাংকার, ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা তাদের অভিজ্ঞতা, বিশ্লেষণ ও সুপারিশ তুলে ধরছেন। ফলে শিল্প সংশ্লিষ্ট নানা জটিল বিষয় সহজবোধ্যভাবে উপস্থাপিত হচ্ছে এবং বাস্তবভিত্তিক সমাধানের দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে।
Advertisement
পডকাস্টের আলোচনায় উঠে আসছে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ ও সম্ভাবনা, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামা এবং এর শিল্পের প্রতিযোগিতা সক্ষমতার ওপর প্রভাবসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তথ্যভিত্তিক এই আলোচনা নীতিনির্ধারকদের জন্য কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, তৈরি পোশাক খাত নিয়ে প্রচলিত নানা ভ্রান্ত ধারণা ও অপপ্রচার দূর করাও এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। সংশ্লিষ্টরা বলছেন, তথ্যের বস্তুনিষ্ঠতা ও ভারসাম্য বজায় রেখে শিল্পের প্রকৃত সম্ভাবনা ও বাস্তবতা তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব হবে।
বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী ও ব্র্যান্ডিং বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান খান মনিরুল আলম শুভ এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে জানান, পডকাস্টটি শিল্পখাতের সমসাময়িক ইস্যুতে গঠনমূলক আলোচনা এবং কার্যকর ধারণা বিনিময়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তাদের মতে, এটি বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের পোশাক শিল্পকে সঠিকভাবে উপস্থাপন করার একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।
বিশ্ববাজারের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে বাংলাদেশের পোশাক খাত যখন নতুন বাস্তবতার মুখোমুখি, তখন বিজিএমইএ’র এই পডকাস্ট সিরিজ একটি দূরদর্শী যোগাযোগ মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি শিল্প সংশ্লিষ্টদের মধ্যে জ্ঞান বিনিময় বাড়ানোর পাশাপাশি টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
Advertisement
এরই মধ্যে পডকাস্ট সিরিজের দুটি পর্ব সম্প্রচারিত হয়েছে এবং আরও বেশ কিছু পর্ব প্রকাশের অপেক্ষায় রয়েছে। বিজিএমইএ’র অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম- ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে একযোগে এসব পর্ব প্রচার করা হচ্ছে, যার মাধ্যমে স্টেকহোল্ডার থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা তৈরি হচ্ছে।
আসন্ন পর্বগুলোর আপডেট পেতে বিজিএমইএ’র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
আইএইচও/একিউএফ