আইন-আদালত

হত্যা মামলার বাইরে ১/১১ নিয়ে জিজ্ঞাসাবাদ হচ্ছে, অভিযোগ আইনজীবীর

রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় গ্রেফতার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মো. আফজাল নাছের ভূঁইয়ার রিমান্ড নিয়ে প্রশ্ন তুলেছেন তার আইনজীবী শাহীন মোর্শেদ। তার অভিযোগ, হত্যা মামলায় রিমান্ডে নিলেও জিজ্ঞাসাবাদে ভিন্ন, বিশেষ করে ১/১১ সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করা হচ্ছে, যা মামলার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়।

Advertisement

সোমবার (২০ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদন আংশিক মঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

শুনানি শেষে সাবেক কর্নেল মো. আফজাল নাছের ভূঁইয়ার আইনজীবী শাহীন মোর্শেদ জাগো নিউজকে বলেন, আসামিকে এক কারণে রিমান্ডের আবেদন করা হয়, কিন্তু জিজ্ঞাসাবাদে অন্য বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। বিশেষ করে ১/১১ সম্পর্কিত নানা প্রশ্ন করা হচ্ছে, যা এই হত্যা মামলার সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। যদি ১/১১ বিষয়ে প্রশ্ন করতেই হয়, তাহলে সে বিষয়ে তার বিরুদ্ধে পৃথক অভিযোগ থাকা প্রয়োজন।

Advertisement

তিনি আরও দাবি করেন, যে মিরপুরের হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সেই মামলার এজাহারেও তার নাম নেই। এজাহারভুক্ত আসামিদের তালিকায় তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ অদৃশ্য কোনো কারণে তাকে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরা আদালতে এসব বিষয় তুলে ধরেছি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত, তথ্য যাচাই এবং জড়িতদের শনাক্ত করতে রিমান্ড প্রয়োজন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এমডিএএ/এএমএ

Advertisement