আফগানিস্তান ক্রিকেটকে যারা বিশ্ব দরবারে পরিচিত করিয়েছেন একেবারে শুরুর দিকে, তাদের একজন দীর্ঘাদেহী পেসার শাপুর জাদরান। ক্রিকেটকে বিদায় বলেছেন অনেক আগেই। দীর্ঘদিন মাঠের ক্রিকেটে না থাকা জাদরান লড়াই করছেন শারীরিক ওসুস্থতার সঙ্গে। আছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
Advertisement
আফগানিস্তানের সাবেক এই পেসার বিরল ও প্রাণঘাতী রোগ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস-এ আক্রান্ত হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে। চলতি বছরের জানুয়ারি থেকেই সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি।
বিরল রোগের বিষয়টি শাপুর জাদরানের ছোট ভাই গামাই জাদরান নিশ্চিত করেছেন ইএসপিএন ক্রিকইনফোকে। এই ব্যাপারে তিনি বলেন, ‘এটি খুবই গুরুতর সংক্রমণ ছিল। তার পুরো শরীর সংক্রমণে আক্রান্ত হয়ে পড়ে, যার মধ্যে যক্ষ্মা (টিবি)ও ছিল। সংক্রমণটি তার মস্তিষ্কেও ছড়িয়ে পড়েছে, এমআরআই ও সিটি স্ক্যানের মাধ্যমে এটি জানা যায়।’
Advertisement
চিকিৎসা নেওয়ার পর জাদরান কিছুদিন সুস্থ ছিলেন বলে জানান তার ভাই। কিন্তু পরবর্তীতে সেটি তার শরীরে ছড়িয়ে পড়ে, ‘ডাক্তার বলেছেন আমরা যেন নিয়মিত চেকআপ করি। ও (শাপুর) প্রায় ২০ দিন ভালো ছিল, তারপর আবার সংক্রমণ হয়। এরপর আমরা তাকে আবার হাসপাতালে ভর্তি করি।’
গত বছরের অক্টোবরে জাদরান প্রথম অসুস্থতা অনুভব করেন এবং পরে আফগানিস্তানের চিকিৎসকরা তাকে বিশেষায়িত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেন। শুরুতে তিনি ভালো সাড়া দিয়েছিলেন এবং হাসপাতাল থেকে ছাড়াও পান। কিন্তু ২০ দিনের মধ্যেই তার অবস্থার অবনতি ঘটে, ফলে তাকে আবার আইসিইউতে ভর্তি করা হয়।
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে আফগানিস্তানের শাপুর জাদরান ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। শিকার করেছেন দুই সংস্করণে ৮০ উইকেট।
আইএন
Advertisement