বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই যেন চাপ বাড়ছে নেইমারের ওপর। সমর্থকদের সঙ্গে আচরণগত বিষয় নিয়ে আবারও বিতর্কের কেন্দ্রে নেইমার। মাঠের পারফরম্যান্সের চেয়ে এবার বেশি আলোচনায় তার আচরণ, যা নতুন করে উত্তেজনা তৈরি করেছে সান্তোস এফসি সমর্থকদের সঙ্গে।
Advertisement
ব্রাজিলের ঐতিহ্যবাহী ভিলা বেলমিরো স্টেডিয়াম, যেখানে নেইমার বেড়ে উঠেছেন এবং বিশ্ব তারকা হিসেবে গড়ে উঠেছেন, সেই জায়গাটিই এখন তার জন্য অস্বস্তিকর হয়ে উঠছে। দলের ফল খারাপ হলেই গ্যালারি থেকে সমালোচনা ও চাপ বাড়ছে, যা সর্বশেষ ম্যাচে আরও স্পষ্ট হয়ে ওঠে।
রোববার ফ্লুমিনেন্সের কাছে ২-৩ গোলে হারের পর পরিস্থিতি চরমে পৌঁছায়। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় নেইমারকে লক্ষ্য করে গ্যালারি থেকে জোরালো দুয়োধ্বনি ওঠে। এর জবাবে ব্রাজিলিয়ান তারকা কানে হাত দিয়ে উপেক্ষা করার ইঙ্গিত করেন- যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নতুন বিতর্কের জন্ম দেয়।
Chegou o dia que eu tenho que explicar uma COÇADA DE ORELHA! Gente, sinceramente vocês estão pegando pesado demais e ultrapassando os limites … é triste demais ter que conviver com isso! Não tem ser humano que aguente pic.twitter.com/QSUeLd8l1Z
Advertisement
এর আগে কয়েকদিন আগেই এক সমর্থকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন নেইমার। ফলে এই ঘটনার পর সমর্থকদের সঙ্গে তার সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
ফ্লুমিনেন্সের বিপক্ষে ঘটা ঘটনার ব্যাখ্যা দিতে দেরি করেননি নেইমার। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ তিনি লিখেছেন, ‘আজ এমন দিন এসেছে যখন আমাকে কানে হাত দেওয়া নিয়েও ব্যাখ্যা দিতে হচ্ছে! সত্যি বলতে, মানুষ সীমা ছাড়িয়ে যাচ্ছে..., এটা খুবই দুঃখজনক। কোনো মানুষই এটা সহ্য করতে পারে না।’
তবে তার এই বক্তব্য অনেকেই ভালোভাবে নেননি। সমালোচকদের মতে, এটি দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা। ম্যাচের সময় নেইমার একটি ‘রেইনবো ফ্লিক’ করার চেষ্টা ব্যর্থ হলে প্রথমে দর্শকদের অসন্তোষ শুরু হয়। তখন সান্তোস সমতায় ফেরার চেষ্টা করছিল, সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন ঝুঁকিপূর্ণ স্কিল দেখানো সমর্থকদের বিরক্ত করে তোলে। ম্যাচ শেষ হওয়ার পর সেই ক্ষোভ আরও বাড়ে নেইমারের ওপর।
হতাশ নেইমার সবার আগে মাঠ ছাড়েন, আর ওই সময় তার কানে হাত দেওয়ার ভঙ্গিই যেন আগুনে ঘি ঢেলে দেয়।
Advertisement
বিতর্ক এখানেই থেমে থাকেনি। টিএনটি স্পোর্টসের একটি পোস্টে ঘটনাটির ভিডিও শেয়ার করা হলে সেখানে আরও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান নেইমার। তিনি লেখেন, ‘আমি কানে হাত দিয়ে মাঠ ছাড়লাম, এটাই! এখন কি আমি কানে হাতও দিতে পারব না? ধুর তোমাদের, বাজে অ্যাডমিন!’
বিশ্বকাপের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নেইমারের এমন বিতর্ক ব্রাজিল ফুটবলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মানসিক চাপ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক এবং আচরণ- নেইমারের সবকিছুই এখন সবার নজরে।
ফিফা বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের অন্যতম বড় তারকা নেইমারের ওপর প্রত্যাশা অনেক। তবে সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে, মাঠের বাইরের এই উত্তেজনাও তার পারফরম্যান্সেও প্রভাব ফেলতে পারে।
আইএইচএস/