বিনোদন

নামাজের উপকারিতার ভিডিও নিয়ে বিতর্ক, কড়া জবাব দিলেন নমিতা

ভারতের পরিচিত উদ্যোক্তা ও শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক নমিতা থাপার সম্প্রতি নামাজ নিয়ে একটি ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তবে দীর্ঘদিন নীরব থাকার পর এবার তিনি দিয়েছেন কড়া জবাব।

Advertisement

গত ২৫ মার্চ নিজের ইনস্টাগ্রামে নামাজের শারীরিক ও মানসিক উপকারিতা নিয়ে একটি ভিডিও শেয়ার করেন নমিতা। তিনি জানান, ঈদের সময় এক বন্ধুর বাসায় গিয়ে আলাপচারিতার মাধ্যমে নামাজের ইতিবাচক দিকগুলো সম্পর্কে জানতে পারেন। একজন ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞ হিসেবে তিনি বিষয়টি স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছিলেন।

তবে ভিডিওটি প্রকাশের পর থেকেই শুরু হয় ট্রোল ও সমালোচনা। নমিতার অভিযোগ, গত তিন সপ্তাহ ধরে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। এমনকি তার পরিবারকেও কটূক্তির শিকার হতে হয়েছে।

অবশেষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাকে নিয়ে যা বলা হচ্ছে, তা সহ্য করেছি। কিন্তু আমার মাকে জড়িয়ে আক্রমণ হলে চুপ থাকা সম্ভব নয়।’

Advertisement

নমিতা প্রশ্ন তোলেন, তিনি যখন নিয়মিত সূর্য নমস্কার বা যোগব্যায়ামের উপকারিতা নিয়ে কথা বলেন, তখন কেউ আপত্তি করে না। কিন্তু নামাজের স্বাস্থ্যগত দিক নিয়ে কথা বললেই কেন এত বিরূপ প্রতিক্রিয়া?

তিনি আরও বলেন, তিনি নিজেকে একজন গর্বিত হিন্দু হিসেবে পরিচয় দেন এবং মনে করেন, সব ধর্মের ভালো দিককে সম্মান করা উচিত। পাশাপাশি, ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে সচেতন মানুষদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তার এই অবস্থান ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

 

এলআইএ

Advertisement