আন্তর্জাতিক

মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজের প্রবেশ

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, একটি ইরানি তেল বহনকারী জাহাজ মার্কিন অবরোধ ভেঙে দেশটির দক্ষিণাঞ্চলের একটি বন্দরে প্রবেশ করেছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সন্ত্রাসী সেনাদের বারবার সতর্কবার্তা ও হুমকির পরেও, ইরানের সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় তেল বহনকারী জাহাজ সিলিকা সিটি আরব সাগর থেকে গতকাল রাতে ইরানের জলসীমায় প্রবেশ করেছে এবং কয়েক ঘণ্টা আগে দক্ষিণের একটি বন্দরে নোঙর করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি।

Advertisement

অন্যদিকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম গতকাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরুর পর থেকে ‘মার্কিন বাহিনী ২৭টি জাহাজকে পথ পরিবর্তন করতে বা ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে।’

এদিকে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, দেশটির ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্র ছাড়বেন এবং পাকিস্তান যাবেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মঙ্গলবার সকালের মধ্যেই ভ্যান্স রওয়ানা হবেন।

তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার জানিয়েছে যে, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য এখনো কোনো ইরানি প্রতিনিধিদল রওয়ানা হয়নি।

Advertisement

এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ইরান থেকে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে কোনো প্রতিনিধিদল রওনা হয়নি; তা মূল প্রতিনিধিদল হোক বা সহায়ক; প্রাথমিক হোক বা দ্বিতীয়।

সিএনএনকে একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আগামীকাল বুধবার ইসলামাবাদে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

টিটিএন

Advertisement