ইউরোপিয়ান মৌসুম শেষ হলেও ট্রান্সফার বাজারে ব্যস্ততা একটুও কমেনি। বড় ক্লাবগুলো ইতোমধ্যেই ভবিষ্যতের পরিকল্পনা সাজাতে শুরু করেছে, আর সেই তালিকায় উঠে এসেছে নতুন এক তরুণ প্রতিভার নাম- এদুয়ার্দো কনসেইকাও। মাত্র ১৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো, বিশেষ করে ম্যানচেস্টার সিটি। তারা এরই মধ্যে তাকে দলে ভেড়াতে আলোচনা শুরু করেছে। কিন্তু সবকিছু সহজ হচ্ছে না, কারণ এই কিশোর তারকার নিজস্ব পছন্দ কিন্তু ম্যানসিটি নয়, বার্সেলোনা।
Advertisement
ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে খেলা কনসেইকাওকে পেতে নাকি ৪০ মিলিয়ন ইউরো পর্যন্ত প্রস্তাব দিতে প্রস্তুত ম্যানচেস্টার সিটি। কিন্তু এত বড় অঙ্কের প্রস্তাবও তাকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারেনি। বরং তিনি অপেক্ষা করছেন নিজের স্বপ্নের ক্লাব বার্সেলোনার।
কনসেইকাও-এর লক্ষ্য স্পষ্ট- বার্সেলোনার জার্সি গায়ে চাপানো। তাই অন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তিতে যাওয়ার আগে কাতালানদের অবস্থান জানার জন্য সময় দিতে চান তিনি।
এদিকে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো ইতোমধ্যেই লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে এই তরুণ ফরোয়ার্ডের পারফরম্যান্স কাছ থেকে দেখেছেন। ওই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন কনসেইকাও এবং ব্রাজিলকে তৃতীয় স্থানে তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
Advertisement
যদিও ইউরোপে তার যাত্রা এক্ষুনি হচ্ছে না। ফিফার নিয়ম অনুযায়ী, তিনি ২০২৮ সালের জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর আগে ইউরোপে যেতে পারবেন না। এ কারণেও কনসেইকাও এখনই কোনো প্রস্তাবে রাজি হচ্ছেন না, সেটা যত আকর্ষণীয়ই হোক না কেন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বার্সেলোনা ও পালমেইরাসের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। যা ভবিষ্যতে এই ট্রান্সফারকে সহজ করতে পারে। ফলে আগামী কয়েক মাসে কনসেইকাওর পারফরম্যান্স ও উন্নতি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তার লক্ষ্য পরিষ্কার- সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং শেষ পর্যন্ত নিজের স্বপ্নের ক্লাব বার্সেলোনায় জায়গা করে নেওয়া।
আইএইচএস/
Advertisement