ইরান যুদ্ধ এবং পোপের সঙ্গে প্রকাশ্য বিরোধের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। রয়টার্স পরিচালিত এক জরিপে দেখা গেছে, অনেক মার্কিন নাগরিক তার মেজাজ ও মানসিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
Advertisement
ছয় দিনব্যাপী জরিপে মাত্র ৩৬ শতাংশ আমেরিকান ট্রাম্পের কর্মদক্ষতায় সন্তুষ্টি প্রকাশ করেন। ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তার প্রতি সমর্থন ছিল ৪৭ শতাংশ মানুষের।
জরিপ অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রতি সমর্থনও খুব সীমিত। মাত্র ৩৬ শতাংশ উত্তরদাতা এ ধরনের হামলাকে সমর্থন করেন, যা আগের জরিপের তুলনায় সামান্য বৃদ্ধি পেলেও সামগ্রিকভাবে বিভক্ত জনমতের ইঙ্গিত দেয়।
বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হিসেবে উঠে এসেছে ট্রাম্পের আচরণগত বৈশিষ্ট্য। মাত্র ২৬ শতাংশ আমেরিকান তাকে সংযত মেজাজের বলে মনে করেন। এমনকি তার নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেও এ বিষয়ে মতভেদ রয়েছে। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে মাত্র ৭ শতাংশ ট্রাম্পকে সংযত বলে মনে করেন।
Advertisement
সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের সভ্যতা ধ্বংস করার হুমকি দেওয়ায় বিতর্ক আরও তীব্র হয়। একই সঙ্গে ট্রাম্প পোপের সমালোচনা করে তাকে দুর্বল বলে আখ্যা দেন, যা জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
জরিপে আরও দেখা গেছে, ৫১ শতাংশ আমেরিকান মনে করেন গত এক বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা কমেছে। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে তার ভূমিকা নিয়েও অসন্তোষ রয়েছে—মাত্র ২৬ শতাংশ এক্ষেত্রে তার পারফরম্যান্সে সন্তুষ্ট।
এদিকে, পোপ লিওর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ৬০ শতাংশ, যা ট্রাম্পের তুলনায় অনেক বেশি।
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ, অর্থনৈতিক চাপ এবং বিতর্কিত মন্তব্য—সব মিলিয়ে ট্রাম্পের রাজনৈতিক অবস্থান এখন চ্যালেঞ্জের মুখে।
Advertisement
সূত্র: রয়টার্স
এমএসএম