নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা ২৫ মিনিট পর পুরোনো প্রশ্নের বিষয়টি নজরে আসে ১৭৭ জন শিক্ষার্থীর। এরপরই পরীক্ষা কেন্দ্রে হট্টগোল শুরু হয় এবং পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন ঘটনা ঘটে।
জানা গেছে, এসএসসি ২০২৬ সালে উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বছর সিনহা উচ্চ বিদ্যালয়, দবরউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও নাসিম মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের ৭৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১৭৭ শিক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন সরবরাহ করা হয়। পুরোনো প্রশ্নেই পরীক্ষার্থীরা এক ঘণ্টা ২৫ মিনিট পরীক্ষা দেয়। একপর্যায়ে পুরোনো প্রশ্নে পরীক্ষা দেওয়ার বিষয়টি তাদের নজরে আসে। পরে বিষয়টি কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের অবগত করলে তাৎক্ষণিক ইউএনওকে জানিয়ে সঠিক প্রশ্ন সরবরাহ করা হয় এবং সময় বৃদ্ধি করে পরীক্ষা নেওয়া হয়।
সিনহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার জানায়, আমাদের কেন্দ্রে দায়িত্বরতরা ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন সরবরাহ করেন। পরীক্ষার প্রথম দিন হওয়ায় বিষয়টি প্রথমে নজরে আসেনি। পরে নজরে এলে আমাদের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করে। কেউ কেউ ফেল করার ভয়ে কান্নায় ভেঙে পড়ে।
Advertisement
মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী আয়মান রহমান জানায়, এমন ভুল হতে থাকলে আমাদের ভবিষ্যৎ শঙ্কায় পড়বে। পরে এমন পরিস্থিতি যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়া দরকার।
এক অভিভাবক বলেন, কেন্দ্র সচিবের দায়িত্বে গাফিলতির কারণে সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছিল। এমন দায়িত্বহীন ব্যক্তিকে অব্যাহতি দেওয়া উচিত।
কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মো.আবদুল মতিন সরকার জানান, সিলেবাসের সাল দৃষ্টিগোচর না হওয়ার কারণে এমন হয়েছে। তাছাড়া প্রশ্নের অতিরিক্ত আরও দুটি প্রশ্নের প্যাকেট বেশি আসার কারণে বিষয়টি নজরে আসেনি। ফলে এমন পরিস্থিতি হয়েছে। আগামী দিনগুলোতে এ বিষয়টি মাথায় রেখে দায়িত্ব পালন করা হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, পুরোনো সিলেবাসে পরীক্ষার বিষয়টি নজরে আসা মাত্র বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অতিরিক্ত সময় দিয়ে নতুন সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে। আশা করি পরীক্ষার্থীদের মধ্যে তেমন সমস্যা হবে না। শিক্ষার্থীদের এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।
Advertisement
মো. আকাশ/এনএইচআর/এমএস