প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন নাঈম হাসান। সোমবার বিসিএলের চলতি আসরের উদ্বোধনী দিনে ৩০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন ২৬ বছর বয়সী এই স্পিন বোলিং অলরাউন্ডার। একসময় জাতীয় দলের নিয়মিত মুখ থাকলেও সাম্প্রতিক সময়ে টেস্ট একাদশে জায়গা পাওয়ার দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছেন তিনি।
Advertisement
নাঈমের এই অবস্থানকে অনেকটাই দুর্ভাগ্য বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহ। তার মতে, একই দলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা থাকায় এখন পর্যন্ত খুব বেশি সুযোগ পাননি এই অফস্পিনার।
নাঈমকে দুর্ভাগা আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি বলব ও দুর্ভাগা। ও ভালো বোলার অবশ্যই। তবে ওর সমতুল্য যে আছে, ওকেও দেখতে হবে। মিরাজও ভালো বোলার এবং পরীক্ষিত। ওই জায়গায় নাঈম একটু দুর্ভাগা, সুযোগ কম পাচ্ছে। অবশ্যই সামনে সুযোগ আসবে, আশা করি সুযোগ পাবে এবং টেস্ট দলকে সার্ভিস দিবে।’
বাংলাদেশের সামনে রয়েছে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট। এরপর টেস্ট দল যাবে অস্ট্রেলিয়া সফরে। এসব ম্যাচের আগে চলমান বিসিএলকে ভালো প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন পূর্বাঞ্চলের কোচ রাজিন সালেহ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই, এটা ভালো প্রস্তুতি। সামনে যেহেতু টেস্ট আছে। মানিয়ে নেওয়ার বিষয় আছে। এই টুর্নামেন্ট দিয়ে টেস্টের ভালো প্রস্তুতি হবে।’
Advertisement
এদিকে জাতীয় দলের দুই পেসার এবাদত হোসেন চৌধুরী ও খালেদ আহমেদের সঙ্গে পাল্লা দিয়ে বিসিএলের প্রথম দিনে ভালো বল করেছেন তোফায়েল আহমেদ। শিষ্যকে নিয়ে বেশ আশাবাদী রাজিন সালেহ।
তিনি বলেন, ‘তোফায়েলকে আগামীতে বাংলাদেশের ভালো অলরাউন্ডার হিসেবে আমরা দেখি। তাকে সুযোগ দেওয়া উচিত। বিসিএল বলুন বা এনসিএল; সবসময় দেখছি পারফর্ম করে আসছে। আশা করি আগামীতেও ভালো করবে ধারাবাহিকভাবে এবং বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিবে।’
এসকেডি/এমএমআর
Advertisement