উপজেলা পরিষদে বসার জন্য ‘পরিদর্শন কক্ষ’ পাচ্ছেন সংসদ সদস্যরা (এমপি)। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
Advertisement
এছাড়া, মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে তথ্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, কক্ষের ব্যবস্থা করতে এরই মধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়, বিভিন্ন সময়ে দেশের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন উপজেলা পরিষদে যান। এসময় দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কক্ষ না থাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বা ইউএনওর অফিস কক্ষ ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করা হয়। এতে তাদের ও অন্য কর্মকর্তাদের দাপ্তরিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়।
এমন অবস্থায়, উপজেলা পরিষদের পুরোনো কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় উন্নতমানের আসবাব সজ্জিত ও ওয়াশরুমসহ একটি ‘পরিদর্শন কক্ষ’ নির্ধারণ করতে হবে বা নতুন স্থাপন করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। আর নতুন উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের ক্ষেত্রে ডিপিপিতে প্ল্যান ডিজাইনসহ দ্বিতীয় তলায় একটি নির্ধারিত কক্ষের সংস্থান রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।
Advertisement
এ-সংক্রান্ত ব্যয় উপজেলা প্রশাসনের এডিপি বা রাজস্ব অংশ থেকে বা প্রকল্প অর্থ থেকে নির্বাহ করা হবে বলে চিঠিতে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
আরএমএম/একিউএফ