জাতীয়

জেলা-উপজেলায় ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর উদ্যোগ

জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের করণীয় নির্ধারণে পরামর্শ সভা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২১ এপ্রিল) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও অঙ্গীকারের কথা তুলে ধরেন।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, সাবেক মুখ্য সচিব আব্দুল করিম ও জাকির আহমেদ খান। এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে পাঠাও, রকমারি ডটকম ও বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর বিষয়ে বেসরকারি খাতের মতামত নেওয়া হয়।

Advertisement

বক্তারা বলেন, দেশের জনমিতিক লভ্যাংশকে জনশক্তিতে রূপান্তর করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা কর্মসংস্থান বাড়াতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে কর রেয়াত ও ট্যাক্স হলিডের মতো প্রণোদনা দেওয়ার সুপারিশ করেন। ঢাকা ও চট্টগ্রামের বাইরে শিল্প স্থাপনে বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথাও তুলে ধরা হয়।

সভায় অপ্রাতিষ্ঠানিক খাতকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা এবং হালনাগাদ ও নির্ভরযোগ্য শ্রমবাজার-সংক্রান্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।

এসময় উত্থাপিত প্রস্তাবগুলো পর্যালোচনা করে ভবিষ্যতে এ বিষয়ে আরও সভা আয়োজন করা হতে পারে বলে জানানো হয়।

এমএএস/একিউএফ

Advertisement