আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়ে মধ্যপ্রাচ্য ছেড়েছে কোটি ব্যারেল ইরানি তেল

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ফাঁকি দিয়ে মধ্যপ্রাচ্য থেকে বের হতে পেরেছে বিপুল পরিমাণ ইরানি তেল। জ্বালানি ও শিপিং খাতভিত্তিক বিশ্লেষণা প্রতিষ্ঠান ভরটেক্সা জানিয়েছে, অবরোধের মধ্যেও নিষেধাজ্ঞার আওতাভুক্ত ও ইরান-সম্পৃক্ত ট্যাংকারগুলোর উল্লেখযোগ্য যাতায়াত তারা শনাক্ত করেছে।

Advertisement

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৩ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত উপসাগরীয় অঞ্চলে মোট ৩৪টি ট্যাংকারের চলাচল রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১৯টি বহির্গামী এবং ১৫টি আগত জাহাজ ছিল।

এর মধ্যে অন্তত ছয়টি বহির্গামী জাহাজে নিশ্চিতভাবে ইরানি অপরিশোধিত তেল বোঝাই ছিল, যার পরিমাণ প্রায় এক কোটি সাত লাখ ব্যারেল।

মার্কিন নৌবাহিনীর কড়া নজরদারি এড়িয়ে এত বিপুল পরিমাণ তেল নিয়ে জাহাজগুলোর বেরিয়ে যাওয়া ওয়াশিংটনের অবরোধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এই তেলের সবটুকু শেষ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পেরেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

এর আগে, গত ১৩ এপ্রিল থেকে ইরানের সব সমুদ্রবন্দর অবরুদ্ধ করার ঘোষণা দেয় মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইসলামাবাদে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

সূত্র: আল-জাজিরাকেএএ/