ক্যাম্পাস

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের না দেওয়ার আহ্বান

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’র আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক।

Advertisement

তিনি বলেন, বন্দর দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড। এটি বিদেশিদের হাতে তুলে দিলে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জিয়াউল হক অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সময় সিন্ডিকেটের মাধ্যমে এনসিটি বিদেশিদের কাছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বর্ণের ডিম পাড়া হাঁসের মতো গুরুত্বপূর্ণ এই সম্পদ হঠাৎ করে ইজারা দিলে দেশের ক্ষতি হতে পারে। এক্ষেত্রে কস্ট-বেনিফিট বিশ্লেষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

Advertisement

তিনি বলেন, ২ থেকে ৫ বছরের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০০ বিলিয়নে উন্নীত করা এবং অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে, যদি এনসিটি বিদেশিদের কাছে ইজারা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, কনসেশন চুক্তি এবং অপারেটর নিয়োগ এক বিষয় নয়। কনসেশন চুক্তির মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা বাড়ে, যা অর্থনৈতিক ক্ষতি, বৈদেশিক মুদ্রাপাচার, তথ্য নিরাপত্তা ঝুঁকি এবং বহিরাগত নিয়ন্ত্রণের সম্ভাবনা তৈরি করতে পারে।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে সিঙ্গাপুরের মতো একটি আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। তবে কিছু দেশি-বিদেশি লবিস্টের কারণে এ পথে বাধা সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় জিয়াউল হক আরও বলেন, বন্দর বিদেশিদের কাছে না দিয়ে পাঁচটি উদ্যোগ-বন্দর বিকেন্দ্রীকরণ, শিপিং লাইন চালু, রেমিট্যান্স বাড়াতে আরবি ভাষার ব্যবহার, নদী-খাল খনন এবং খাদ্য নিরাপত্তার জন্য হিমাগার স্থাপন-গ্রহণ করলে আগামী পাঁচ বছরে দেশের অর্থনৈতিক সক্ষমতায় বড় পরিবর্তন আনা সম্ভব।

Advertisement

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন রাহাত, দপ্তর সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যরা।

এফএআর/এমআরএম