জাতীয়

ভুল স্টেশনে ট্রেন থেকে নেমে পড়লো শিশু, ৯৯৯-এর কলে উদ্ধার

নাটোর রেলস্টেশনে ভুলবশত ট্রেন থেকে নেমে পড়া এক শিশুকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।

Advertisement

বুধবার (২২ এপ্রিল) বিকেলে চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, রাশিদুল ইসলাম নামে এক যাত্রী ৯৯৯ নম্বরে কল করে জানান তিনি পরিবারসহ দিনাজপুরের পার্বতীপুর থেকে পাবনার ঈশ্বরদী যাওয়ার উদ্দেশ্যে রূপসা এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। পথে নাটোর স্টেশনে ট্রেন থামলে তার ছয় বছরের মেয়ে মরিয়ম আক্তার ভুল করে নেমে পড়ে। তবে তাকে তোলার আগেই ট্রেনটি স্টেশন ছেড়ে আসে।

পরে শিশুটির বাবা ট্রেন থেকে নামতে না পেরে ৯৯৯-এ কল করে সহায়তা চান। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল সুমিত ঢালী। বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই দিলীপ কুমার বিশ্বাস।

Advertisement

৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে জানানো হয়। নাটোরে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একটি দল স্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করে নিজেদের জিম্মায় রাখে।

পরে শিশুটির বাবাকে বিষয়টি জানানো হলে তিনি নাটোরে এসে তার মেয়েকে সুস্থ অবস্থায় বুঝে নেন।

টিটি/ইএ

Advertisement