প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার (অব.) মো. আফজাল নাছের ভূঁইয়াকে উত্তরা পূর্ব থানার একটি ছাত্র হত্যা মামলায় ৪ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
Advertisement
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড আবেদন আংশিক মঞ্জুর করে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল চলাকালে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আফজাল নাছেরসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন বেআইনি জনতাবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় মিছিলে হামলা চালান।
Advertisement
এ ঘটনায় মাহমুদুল হাসান (২৬) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ নিজ বাড়িতে দাফন করা হয়।
এ ঘটনায় ভিকটিমের স্বজন উত্তরা পূর্ব থানায় দণ্ডবিধির একাধিক ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে আসামির সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটনের আশা করা হচ্ছে।
এর আগে গত ৩০ মার্চ ২০২৬ ভোরে আফজাল নাছেরকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।
এমডিএএ/এএমএ
Advertisement