বিনোদন

বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ার মঞ্চে গান শোনাতে যাচ্ছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তার সঙ্গে থাকছে বেঙ্গল সিম্ফনি এবং শিল্পী ইমন চৌধুরী। আগামী ১ ও ৮ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন শহরে অনুষ্ঠিত হবে দুটি জমকালো সংগীতানুষ্ঠান।

Advertisement

১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ নাইট’ শীর্ষক অনুষ্ঠান। এতে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনির পাশাপাশি গান শোনাবেন পিন্টু ঘোষও।

অন্যদিকে ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড সিম্ফনি লিগ্যাসি ট্যুর’ শিরোনামের আরেকটি আয়োজন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধু একটি সাধারণ সংগীতানুষ্ঠান নয় বরং দর্শকদের জন্য হতে যাচ্ছে আজীবন মনে রাখার মতো এক সুরের ভ্রমণ। রুনা লায়লার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি বেঙ্গল সিম্ফনির পরিবেশনাও যোগ করবে ভিন্নমাত্রা।

Advertisement

ইতোমধ্যে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং ভালো সাড়াও মিলছে।

রুনা লায়লা জানান, বহু বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে গান গাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। বড় পরিসরের এই আয়োজন নিয়ে বেশ আশাবাদী। দর্শকদের পছন্দের গান পরিবেশন করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান এই শিল্পী। ২৯ জুলাই সাতজন যন্ত্রশিল্পীকে নিয়ে সিডনির উদ্দেশে রওনা হবেন তিনি।

এদিকে ইমন চৌধুরী বলেন, এই আয়োজন নিয়ে তারা দারুণ উচ্ছ্বসিত। অসাধারণ ভেন্যুতে সাজানো এই অনুষ্ঠানগুলোতে ‘কথা কইও না’, ‘বাজি’, ‘সাদা সাদা কালা’, ‘টেকা পাখি’সহ জনপ্রিয় গান পরিবেশনের পরিকল্পনা রয়েছে।

 

এলআইএ

Advertisement