উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতির মাধ্যমে টেকসই সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান।
Advertisement
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আল বুসাইদির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে উভয়পক্ষ সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আলোচনায় সম্পৃক্ত থাকার ওপর গুরুত্বারোপ করে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উপসাগরীয় সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে সুলতানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
Advertisement
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ওমানে বসবাসরত ৭ লাখের বেশি বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। জবাবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির উন্নয়ন ও দৈনন্দিন জীবনে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন।
এছাড়া, বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে ওষুধশিল্প, খাদ্য ও কৃষি খাত এবং বন্দর লজিস্টিকস খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করে দুই পক্ষ।
বৈঠকের শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার ওমানের পররাষ্টমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভুঁইয়া এসব তথ্য জানান।
Advertisement
এএমএ