দেশজুড়ে

মাদকাসক্ত ছেলেকে হত্যার পর নিজেই থানায় ফোন দিলেন বাবা

কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর কাজী বাড়িতে ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বাবা নিজেই পুলিশকে ফোন করে বিষয়টি জানান।

Advertisement

এ ঘটনায় অভিযুক্ত বাবা হিরণ মিয়াকে (৭০) আটক করা হয়েছে পুলিশ। অপরদিকে নিহত যুবকের নাম মোহাম্মদ আলী ওরফে মোহাম্মদ উল্লা (৪০)। তিনি চার ভাই ও তিন বোনের মধ্যে পঞ্চম এবং ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মাদক সেবনকে কেন্দ্র করে বাবা হিরণ মিয়ার সঙ্গে মোহাম্মদ উল্লার প্রচণ্ড তর্কাতর্কি হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্ষিপ্ত বাবা ধারালো ছুরি দিয়ে ছেলের গলায় সজোরে আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মোহাম্মদ উল্লার মৃত্যু হয়।

ছেলের মৃত্যু নিশ্চিত হওয়ার পর বাবা হিরণ মিয়া নিজেই মোবাইল ফোনে লালমাই থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত বাবাকে আটক করে থানায় নিয়ে আসে।

Advertisement

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নিহত মোহাম্মদ উল্লা দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য পরিবারকে চাপ প্রয়োগ করতেন। তিনি নিয়মিত মাদক সেবন করে তার মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদেরকে মারধর করে আসছে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইতঃপূর্বে পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ডও দিয়েছিলেন। মাত্র ২১ দিন আগে জেল থেকে ছাড়া পেয়ে সে আবারও বেপরোয়া হয়ে ওঠে। পরিবারের অভিযোগ, সে মাঝেমধ্যে নারী সদস্যদের যৌন হয়রানিও করতো।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, বাবার ছুরিকাঘাতে ছেলে মোহাম্মদ উল্লা খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হিরন মিয়াকে আটক করেছে লালমাই থানায় নিয়ে আসা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম

Advertisement