চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি ও জেরা শেষ করা হয়েছে। মামলায় যুক্তিতর্ক (আরগুমেন্ট) উপস্থাপনের জন্য আগামী ১১ মে দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।
Advertisement
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ দিন ঠিক করেন।
এদিন তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী। পরে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ঠিক করেন আদালত।
এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের সাক্ষী দিয়েছেন ১৯ জন। হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
Advertisement
গত বছরের ২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ৬ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। ৫ অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এতে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা।
এফএইচ/এমআইএইচএস