অর্থনীতি

রূপপুরে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনে ৬১ কোটি টাকা অনুমোদন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য বাহ্যিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনে প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই বৈঠকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের নকশা পর্যায়ের পরামর্শক সেবার ব্যয় ৯ কোটি ৮ লাখ ২ হাজার ৭৮ টাকা বাড়ানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বাস্তবায়নাধীন ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য বাহ্যিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন’ প্রকল্পের আওতায় কাজটি সম্পন্ন করা হবে।

প্রকল্পের অধীনে উন্নত টেলিযোগাযোগ সরঞ্জাম সরবরাহ, স্থাপন, পরীক্ষা ও চালুকরণ করা হবে। এতে এএসওএনভিত্তিক ডিডব্লিউডিএম, এসডিএইচ, পিডিএইচ ও মাইক্রোওয়েভ ট্রান্সমিশন সিস্টেম, পিএবিএক্স সিস্টেম, জিপিওএন সিস্টেম এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। এ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৬২ লাখ ২৫ হাজার ৮২২ টাকা।

Advertisement

প্রকল্পের কাজের জন্য চীনের জেডটিই করপোরেশন এবং জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগকে সুপারিশ করা দরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে।

এদিকে বৈঠকে আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের পরামর্শক সেবা (ডিজাইন ফেইজ) (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে এ প্রকল্পের চুক্তিমূল্য ছিল ২৬ কোটি ৮৭ লাখ ৯৪ হাজার ৩৯৪ টাকা। নতুন করে ব্যয় বাড়ানো হয়েছে ৯ কোটি ৮ লাখ ২ হাজার ৭৮ টাকা। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩৫ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার ৪৭২ টাকা।

প্রকল্পটির পরামর্শক হিসেবে জার্মানির প্রতিষ্ঠান এয়ারপোর্ট কনসাল্টিং পার্টনার্স জিএমবিএইচ (এসিপি) নির্বাচন করা হয়েছে।

Advertisement

এমএএস/এমএএইচ/