৩৩তম ওভারের শেষ বল, নাহিদ রানার ১৪৮.৬ কিলোমিটার গতির বল ভেঙে দিলো জশ ক্লার্কসনের উইকেট। উইকেট ভাঙার শব্দ পাওয়া গেলো চট্টগ্রামের বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সের ছাদ থেকেও! পুরো সিরিজ জুড়েই নিউজিল্যান্ডের ব্যাটারের এমন আতঙ্কের মধ্যেই রেখেছিলেন নাহিদ রানা। দ্বিতীয় ম্যাচে তো নাহিদ ঝড়েই লন্ডভন্ড হয়ে যায় কিউই ব্যাটিং অর্ডার। সিরিজ সেরার পুরস্কারও উঠেছে রানার হাতেই।
Advertisement
প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে বাংলাদেশ! সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই। এমন ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডার স্রেফ গুড়িয়ে দিলেন নাহিদ রানা। বাংলাদেশ সিরিজে টিকে থাকলো। এরপর আজ বৃহস্পতিবার শেষ ম্যাচও জিতে এক যুগ পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা। আর সিরিজ সেরার পুরস্কার উঠলো নাহিদ রানার হাতে। এতে করে বাংলাদেশের হয়ে পেসারদের মধ্যে ওয়ানডে সর্বোচ্চ সিরিজ সেরার পুরস্কার জয়ে সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পাশে বসলেন এই ডানহাতি পেসার।
বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারায় বাংলাদেশ। ২৬৫ রান ডিফেন্ড করতে নেমে কিউইদের ২১০ রানেই আটকে রাখে স্বাগতিকরা। ১০ ওভারে ৩৭ রান খরচায় ২ উইকেট নেন রানা। এর আগে গত সোমবার ঢাকায় দ্বিতীয় ম্যাচে তার শিকার ৩২ রান খরচায় ৫ উইকেট। সবমিলিয়ে এই সিরিজে নিয়েছেন ৮ উইকেট। এই সিরিজে তার চেয়ে বেশি উইকেট নেই আর কারো।
এর আগে, গত মাসে পাকিস্তানের বিপক্ষেও সিরিজ সেরা হয়েছিলেন রানা। এ নিয়ে টানা দুই সিরিজে সিরিজ সেরা হলেন তিনি। বাংলাদেশের হয়ে পেসারদের মধ্যে এখন যৌথভাবে সর্বোচ্চ দুইবার সিরিজ সেরা মাশরাফি বিন মুর্তজা ও নাহিদ রানা। তবে মাশরাফি টানা দুই সিরিজে সিরিজ সেরা হননি। বাংলাদেশের জার্সিতে ওয়ানডে সর্বোচ্চ ৭ বার সিরিজ সেরা হয়েছেন সাকিব আল হাসান। এছাড়া তামিম ইকবাল ও মুশফিকুর রহিম সমান ৬বার ওয়ানডেতে সিরিজ সেরা হয়েছেন। আর সব মিলিয়ে এই তালিকার শীর্ষে ভারতের সাবেক কিংবদন্তী ব্যাটার ওয়ানডেতে সিরিজ সেরা হয়েছেন ১৫ বার।
Advertisement
সবমিলিয়ে পেসারদের মধ্যে সর্বোচ্চ সিরিজ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার শন পোলক ৯ বার।
এসকেডি/আইএন